কুলাউড়ায় টিলা কেটে রাস্তা করলেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা খাস এলাকায় টিলা কেটে নির্মিত রাস্তা ছবি l প্রথম আলো
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা খাস এলাকায় টিলা কেটে নির্মিত রাস্তা ছবি l প্রথম আলো

পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পাহাড় ও টিলা কাটা নিষিদ্ধ। অথচ সেই আইন লঙ্ঘন করেই সরকারি একটি প্রকল্পের অধীনে টিলা কেটে রাস্তা করা হচ্ছে। শুধু কি তাই! প্রকল্পের সভাপতি হিসেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এক নেতা এই কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনা ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে। কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতায় গত কয়েক দিন আগে টিলা কেটে রাস্তা করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে মৌলভীবাজার-২ আসনের সাংসদের কাবিটা প্রকল্পে (বিশেষ) টিলাগাঁও ইউনিয়নের লংলা খাস এলাকার পশ্চিমের দোকান থেকে মহাল পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারে ২ লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। টিলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালিক ওই প্রকল্প কমিটির সভাপতি। মাসখানেক আগে রাস্তাটির সংস্কারকাজ শুরু হয়। ওই রাস্তায় ২০-২৫ ফুট উঁচু একটি টিলা পড়েছে। টিলা কেটে এর মাঝখান দিয়ে প্রায় ১৫ ফুট চওড়া রাস্তা করা হয়েছে। গত শুক্রবার রাস্তার কাজ শেষ হয়।

বাংলাদেশ সংরক্ষণ আইন-১৯৯৫-এর ৬ নম্বর ধারার খ উপধারায় উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন বা মোচন করতে পারবেন না। এই আইন লঙ্ঘন করে কীভাবে টিলা কাটছেন জানতে চাইলে মুঠোফোনে আবদুল মালিক দাবি করেন, টিলার ভেতর দিয়ে আগে ছোট রাস্তা ছিল। এ ছাড়া ওই স্থানটি বেশ উঁচু ছিল। টিলা বেয়ে উঠতে লোকজনের কষ্ট হতো। তাই ওই স্থানের মাটি কেটে একটু নিচু করে রাস্তা প্রশস্ত করা হয়েছে। এ ক্ষেত্রে বেআইনি কিছু হয়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে লংলা খাস এলাকার তিনজন বাসিন্দা বলেন, আগে টিলার ঢাল বেয়ে লোকজন ওঠানামা করত। এখন টিলাটি কেটে এ জায়গায় নতুন রাস্তা করা হয়েছে।

এ বিষয়ে টিলাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালিক মুঠোফোনে বলেন, ‘পিআইও বলেছেন, এমপি (সাংসদ) মহোদয় মালিক সাহেবকে (আওয়ামী লীগের নেতা) সভাপতি করে ওই প্রকল্প বরাদ্দ দিয়েছেন। এ ব্যাপারে আমাদের সঙ্গে তিনি (সাংসদ) কোনো আলোচনাও করেননি। ইউনিয়ন পরিষদের কোনো সদস্যও এ প্রকল্পের সঙ্গে যুক্ত নন। টিলা কেটে রাস্তা সংস্কারের বিষয়টি শুনেছি। বিষয়টি ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) স্যারকে জানিয়েছি।’

এ ব্যাপারে বক্তব্য জানতে মৌলভীবাজার-২ আসনের সাংসদ আবদুল মতিনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

পিআইও শিমুল আলী গতকাল শনিবার মুঠোফোনে বলেন, ‘রাস্তার কাজে টিলা কাটা হলে অবশ্যই তা অপরাধ। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’

কুলাউড়ার ইউএনও চৌধুরী মো. গোলাম রাব্বী মুঠোফোনে বলেন, ‘মালিক সাহেব (আওয়ামী লীগের নেতা) সচেতন মানুষ। টিলা কাটা বেআইনি জেনেও তিনি কেন এ কাজ করলেন বুঝতে পারছি না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’