কুলাউড়ায় ট্রলি চালককে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রলিচালক জামিল আহমদকে (২০) হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারে করেছে পুলিশ। গতকাল সোমবার তাঁকে রাজনগর উপজেলার সুনামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবদুর রফিক (৩২)। তাঁর বাড়ি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামে। নিহত জামিলের বাড়ি একই ইউনিয়নের দক্ষিণ কৌলা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, জামিল ট্রলি চালাতেন। গত বছরের ২৮ ডিসেম্বর সকালে কাজে যাওয়ার উদ্দেশে তিনি বাড়ি থেকে বের হন। পরে আর ফেরেননি। ১ জানুয়ারি সন্ধ্যার দিকে কৌলা এলাকায় একটি সেতুর কাছে তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় জামিলের বাবা দানু মিয়া বাদী হয়ে ওই দিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কুলাউড়া থানায় হত্যা মামলা করেন। গতকাল সকাল সাতটার দিকে রাজনগর উপজেলার সুনামপুর এলাকার একটি বাড়ি থেকে রফিককে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) বিনয় ভূষণ রায় বলেন, রফিকের সঙ্গে স্থানীয় এক নারীর প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। কিছুদিন আগে ওই নারীর সঙ্গে জামিলের সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে রফিক শ্বাসরোধে জামিলকে হত্যা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি (রফিক) হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে আজ ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য মৌলভীবাজার আদালতে পাঠানো হবে।