কুলাউড়ায় দুই ব্যক্তির লাশ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়ায় হরিপদ মালাকার (৪৬) ও আরিফ আহমদ (৩০) নামের দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পৃথক দুটি স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হরিপদ মালাকারের বাড়ি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মন্দিরা গ্রামে। স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ আজ বেলা ১১টার দিকে হরিপদ মালাকারের বাড়ির পাশের গাছবাগান এলাকা তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় হরিপদর ফুফাত ভাই মহেষ মালাকার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সন্ধ্যা ছয়টার দিকে কুলাউড়া থানায় মামলা করেন। পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা হরিপদকে হত্যা করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
পুলিশ জানায়, আরিফ উপজেলার কাদিপুর ইউনিয়নের উত্তর চুনঘর গ্রামে শ্বশুর মান্নান মিয়ার বাড়িতে থাকতেন। তাঁর স্ত্রী চট্টগ্রামে একটি পোশাক তৈরির কারখানার কর্মী। আজ বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে তাঁকে ঝুলতে দেখেন। পরে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে পুলিশ হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল আলম প্রথম আলোকে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় হরিপদের গলায় ধারালো অস্ত্রের জখম দেখা গেছে। আর আরিফের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। পারিবারিক কলহের জের ধরে তিনি (আরিফ) আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।