কুলাউড়ায় পুলিশকে কুপিয়ে আসামির পলায়ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক কনস্টেবলকে কুপিয়ে একটি মামলার এক আসামি পালিয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার লালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, একটি মারামারির ঘটনায় কুলাউড়া থানায় করা মামলায় লালপুরের বাসিন্দা ছালেক মিয়ার (২৪) বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি বেশ কিছুদিন ধরে পলাতক ছিলেন। গোপন সূত্রে তাঁর অবস্থান জেনে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও কনস্টেবল অসিত কুমার পাল বেলা সাড়ে ১১টার দিকে লালপুরে যান। এ সময় ছালেক বাড়ির পাশের জমিতে পাকা রোপা আমন ধান কাটছিলেন। কনস্টেবল অসিত তাঁকে (ছালেক) দেখে জাপটে ধরেন। এ সময় ছালেক তাঁর হাতে থাকা কাস্তে দিয়ে অসিতের কপালে কোপ দিয়ে দ্রুত পালিয়ে যান। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহত অবস্থায় অসিতকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।