মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিএনপির কার্যালয়ে পুলিশ হামলা চালিয়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আজ সোমবার বেলা সোয়া তিনটার দিকে কুলাউড়া উপজেলায় চৌমোহনা এলাকায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী সূত্রে জানা গেছে, সম্প্রতি দলের কেন্দ্র থেকে ঘোষিত মৌলভীবাজার জেলা কমিটির সহসভাপতি মনোনীত হন আবেদ রাজা। ঢাকা থেকে ট্রেনে করে কুলাউড়া রেলস্টেশনে পৌঁছালে সেখানে জড়ো হওয়া দলের নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান। তাঁকে নিয়ে মিছিল করে পৌর শহরের চৌমোহনায় এসে পথসভা করতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে নেতা-কর্মীরা পাশের দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকে পড়লে পুলিশ সেখানে হামলা চালায়। এতে ১০-১২ জন নেতা-কর্মী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া তিনটার দিকে চৌমোহনা এলাকায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শুরু হয়। সেখানে লিখিত বক্তব্য দেন আবেদ রাজা। নেতা-কর্মীদের ওপর হামলা ও কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ মজিদ, প্রচার সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সদস্য আবদুর রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে মুঠোফোনে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, বিএনপির পক্ষ থেকে কর্মসূচির ব্যাপারে আগে কোনো অনুমতি নেওয়া হয়নি। দলের লোকজন চৌমোহনায় রাস্তা বন্ধ করে সভা করতে চেয়েছিলেন। তাই পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দিয়েছে। হামলা ও ভাঙচুরের অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।