কুলাউড়ায় বয়স বাড়িয়ে ৩১ জনকে বয়স্ক ভাতা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়ন পরিষদে (ইউপি) বয়স বাড়িয়ে ৩১ জনকে বয়স্ক ভাতা পাইয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের কমিটির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ২ জুন সদর ইউপির তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ২০১৬-১৭ অর্থবছরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা দেওয়ার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে তালিকা পাঠান। তালিকা অনুযায়ী, ওই বছরের জুলাই থেকে ৪৯ জন প্রতি মাসে ৫০০ টাকা করে বয়স্ক ভাতা পাচ্ছেন। নিয়ম অনুযায়ী, ভাতা পাওয়ার জন্য পুরুষদের ৬৫ ও নারীদের ৬২ বছর হতে হবে।
১৬ জানুয়ারি লুৎফুর রহমানের করা অভিযোগে বলা হয়েছে, ইউপি চেয়ারম্যান ভুয়া জন্মসনদের মাধ্যমে তাঁর পছন্দের লোকদের বয়স্ক ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন বলে এলাকায় প্রশ্ন ওঠে। এরপর চেয়ারম্যানের পাঠানো তালিকা ও ভোটার তালিকা সংগ্রহ করে ৩১ জন ভাতাভোগীর বয়সে গরমিল ধরা পড়ে। তাঁদের কারও ভাতা পাওয়ার এখনো বয়স হয়নি। ভোটার তালিকার চেয়ে তাঁদের বয়স ৪ থেকে ২৬ বছর বেশি।
জানতে চাইলে লুৎফুর রহমান প্রথম আলোকে বলেন, গত বছরের ২৩ এপ্রিল সদর ইউপির নির্বাচন হয়। নির্বাচনে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের স্ত্রী নারগিস আক্তার প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তাঁর পক্ষে যাঁরা কাজ করেছিলেন, শাহজাহান পুরস্কার হিসেবে তাঁদের ভুয়া জন্মসনদ দিয়ে বয়স্ক ভাতা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ শাহজাহান বলেন, ভোটার তালিকায় ৩১ জন ভাতাভোগীর বয়সের তথ্য ভুল। জন্মসনদের তথ্য সঠিক। এ ক্ষেত্রে কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি। তাঁর অভিযোগ, ইউপি নির্বাচনে হেরে লুৎফুর তাঁকে ও তাঁর স্ত্রীকে সামাজিক এবং রাজনৈতিকভাবে হেয় করতে নানা অপচেষ্টা চালাচ্ছেন।
ইউপি চেয়ারম্যান নারগিস আক্তার বলেন, তাঁর দায়িত্ব গ্রহণের আগে ভাতাভোগী নির্বাচন ও তাঁদের তালিকা তৈরি করে সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়। এ ব্যাপারে এর বেশি কিছু তিনি জানেন না।
গত শুক্রবার বিকেলে মুঠোফোনে জানতে চাইলে ইউএনও চৌধুরী মো. গোলাম রাব্বী বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মু. তানভীর হাসানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন। কমিটির প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। প্রতিবেদনে কোনো অনিয়ম-দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান বলেন, তদন্ত চলছে। খুব শিগগির ইউএনওর কাছে প্রতিবেদন জমা দেবেন।