কুলাউড়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম, আটক ২
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা যুবলীগের এক কর্মীকে কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার কুলাউড়া উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামায়াত ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকে আটক করেছে।
পুলিশের ভাষ্যমতে, মাদ্রাসার শিক্ষক আবদুল লতিফের ওপর হামলা মামলার প্রধান আসামি জুড়ী উপজেলা জামায়াতের সদর জায়ফরনগর ইউনিয়ন কমিটির সেক্রেটারি ফয়ছল আহমদকে গতকাল পুলিশ গ্রেপ্তার করেছে। ফয়ছল আহমদকে গ্রেপ্তারে সহায়তা করার অভিযোগ এনে জামায়াত-শিবিরের কর্মীরা গতকাল যুবলীগের কর্মী কবির আহমদকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় পুলিশ ওই দিনই উপজেলা জামায়াতের আমির আবদুর রহমান ও জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা কমিটির সেক্রেটারি আকমল হোসেনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট রাতে উপজেলার বাহাদুরপুর হাফিজিয়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল লতিফকে একদল দুর্বৃত্ত কুপিয়ে জখম করে। এ ঘটনায় লতিফ বাদী হয়ে ৩০ আগস্ট জামায়াত নেতা ফয়ছলসহ চার ব্যক্তির নাম উল্লেখ করে জুড়ী থানায় মামলা করেন। পুলিশ গতকাল বেলা ১১টার দিকে বাহাদুরপুর এলাকা থেকে ফয়ছলকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ চলে যাওয়ার পর আবদুর রহমান ও আকমল হোসেনের নেতৃত্বে জামায়াত ও শিবিরের কর্মীরা কুলাউড়া উপজেলার বেগমানপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পেয়ে কবিরকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে (কবির) উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অবস্থার অবনতি ঘটায় সেখান থেকে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে জুড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল হাই হেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
জুড়ী থানার ওসি গাজী মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, বাহাদুরপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যুবলীগের নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। যুবলীগের নেতা কবিরের আত্মীয় হাসিম জানান, কবিরের ডান পায়ের হাঁটুর নিচে, ডান হাত ও মাথায় কোপ লেগেছে। তাঁর চিকিৎসা চলছে।
৩০ আগস্ট প্রথম আলোয় ‘জুড়ীতে মাদ্রাসাশিক্ষককে কুপিয়ে জখম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।