কুলাউড়ায় ৬০ লাখ টাকা নিয়ে উধাও 'দালাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ পাঠানোর কথা বলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ২৬ জনের কাছ থেকে এক ব্যক্তি প্রায় ৬০ লাখ টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা গত ২৫ আগস্ট কুলাউড়া থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতের গ্রামের আবুল কালাম (৩৬) কুলাউড়ায় বিয়ে করেন। ওই সূত্রে আড়াই বছর ধরে তিনি কুলাউড়া বাস করছেন। এখানে স্থানীয় লোকজনের সঙ্গে তাঁর বেশ সখ্য গড়ে ওঠে। আবুল কালাম কয়েক বছর ওমানে ছিলেন বলে এলাকার মানুষকে বলেন। সম্প্রতি তিনি ওমানে লোক পাঠাতে পারেন বলে এলাকায় প্রচার চালান। বিষয়টি জানতে পেরে এলাকার কিছু লোক এ ব্যাপারে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। কালাম তাঁদের কাছে মাথাপিছু ২ লাখ ৩০ হাজার টাকা দাবি করেন। প্রস্তাবে রাজি হয়ে ভাটেরার নোয়াগাঁও, মাইজগ্রাম, খাঁরপাড়া ও পার্শ্ববর্তী ভুকশিমইল ইউনিয়নের বাদে-ভুকশিমইল গ্রামের ২৬ ব্যক্তি তাঁকে টাকা দেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ১০ আগস্ট কালাম তাঁদের ওমান যাওয়ার জন্য টিকিটসহ প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দেন। ২২ আগস্ট রাতে বিমানযাত্রার নির্ধারিত সময় ছিল। ওই দিন তাঁরা ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে অভিবাসন কর্মকর্তারা কাগজপত্রগুলো ভুয়া বলে তাঁদের ফিরিয়ে দেন। এ ছাড়া টিকিটগুলোও দুই দিন আগে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানান অভিবাসন কর্মকর্তারা। বিমানবন্দর থেকে বেরিয়ে তাঁরা কালামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পান। এলাকায় ফিরে শ্বশুরবাড়িতে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি।
ভাটেরার নোয়াগাঁও গ্রামের মতিন মিয়া, কয়েছ মিয়া, সেলিম মিয়া, মাইজগাঁওয়ের ইয়াছিন মিয়া জানান, কালামের কথা বিশ্বাস করে তাঁরা জমিজমা বিক্রি ও ধারদেনা করে বিদেশে যাওয়ার টাকা জোগাড় করেছিলেন। এখন তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন।
একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও আবুল কালামের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। কালামের স্ত্রী জানান, কালাম জরুরি কাজের কথা বলে ২১ আগস্ট বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি।
কুলাউড়া থানার ওসি মতিয়ার রহমান জানান, এটা একধরনের প্রতারণা। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।