কুলি, অটোরিকশাচালক ও ছিনতাইকারীর দৌরাত্ম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রফিকুল ইসলামের দুই হাতে দুটি ভারী লাগেজ। স্ত্রীর এক হাতে ছোট বাচ্চা, অন্য হাতে ঝুড়িতে মালামাল। ১০ বছরের ছেলেটিও বয়ে নিচ্ছিল একটি ঝুড়ি। গত রোববার বেলা দুইটার একটু আগে মহানগর প্রভাতী ট্রেন থেকে কমলাপুর স্টেশনে নেমেছেন তাঁরা।
পরিবারটি ট্রেনের প্রথম শ্রেণিতে এসেছে। এত ভারী ‘লাগেজ’ নিজেরাই বহন করছেন? কুলি নেই? রফিকুল ইসলাম এই প্রতিবেদকের কাছে যে বর্ণনা দিলেন, তা যেন একটি গল্প। জানা গেল, চট্টগ্রাম থেকে আসা ওই ট্রেনটি ৩ নম্বর প্ল্যাটফর্মে থামার আগেই এ-বগিতে, সে-বগিতে ঢুকে পড়ে ১২-১৩ বছর বয়সী ছিন্নমূল শিশু-কিশোরেরা। নিজের ওজনের চেয়ে বেশি ভারী ‘লাগেজ’ ধরে তারা যাত্রীদের অনুরোধ করছিল, তাদেরই যেন তা বহন করতে দেওয়া হয়, টাকা কম দিলেও হবে। ছোট হলেও ভারী বোঝা তারা বয়ে নিতে পারে।
এদেরই একজন রাজা, ছেঁড়া জামা গায়ে। যাত্রী রফিকুল ইসলামের ‘লাগেজ’ ধরে তার আকুল আবেদন, ‘স্যার, দ্যান দিয়া আই, ১০টা ট্যাকা দিয়েন।’ রফিকুল তার হাতে একটি লাগেজ দিতেই তেড়ে এলেন লাল পোশাক পরা নম্বরধারী কুলি। ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন রাজাকে। রফিকুল ইসলাম প্রতিবাদ করতেই কুলি জানিয়ে দিলেন, সমিতির বাইরের কেউ মালামালে হাত দিতে পারবে না। এটা বেআইনি। রফিকুলের ‘লাগেজ’ ধরে কুলি বললেন, অটোরিকশা স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিতে ৫০ টাকা লাগবে। প্রতিবাদ জানিয়ে রফিকুল ও তাঁর পরিবারের সদস্যরা নিজেরাই বয়ে নিয়ে গেলেন সব মালামাল।
ভোগান্তি পিছু ছাড়েনি। সিএনজি অটোরিকশা ও ট্যাক্সিস্ট্যান্ডে এসে আরও বড় সমস্যা। কাঁঠালবাগানে যেতে এক সিএনজিচালিত অটোরিকশার চালক ভাড়া চাইলেন ৩০০ টাকা। মিটারে যাবেন না, কাজ করছে না। অপর এক চালক যানজটের অজুহাত দেখিয়ে কাঁঠালবাগানে যেতে রাজিই হলেন না।
হঠাৎ রফিকুলের স্ত্রীর চিৎকার। তাঁর ভ্যানিটি ব্যাগ ধরে টেনে দৌড়ে পালিয়ে গেল এক ছিনতাইকারী। দিনে-দুপুরে সবার সামনে।
কুলি, সিএনজি অটোচালক আর ছিনতাইকারীর দৌরাত্ম্য—রফিকুলের এমন অভিজ্ঞতা এখন নিয়মিতই হচ্ছে কমলাপুর স্টেশন এলাকায়।
খোঁজ নিয়ে জানা গেল, কমলাপুর স্টেশনে নম্বরধারী কুলির সংখ্যা ২০০-এর মতো। মালামাল বহনের জন্য সরকারি মজুরির হার প্রতি মণ পাঁচ টাকা। কিন্তু কুলিরা তা মানা দূরে থাক, কয়েক গুণ বেশি মজুরি নেন।
স্টেশনসংলগ্ন প্রধান সড়কের একটি রেস্তোরাঁর কর্মচারী বললেন, ভোরবেলা যখন তূর্ণা নিশীথা ট্রেন আসে, তখন যাত্রীরা সবচেয়ে বেশি জিম্মি থাকে এ ধরনের কুলি, সিএনজিচালক আর ছিনতাইকারীদের কাছে। রাতের ট্রেনে যাওয়া-আসার যাত্রীদেরও একই অবস্থা হয়। কয়েক দিন আগে ভোর সাড়ে পাঁচটায় তূর্ণা নিশীথা থেকে নেমে রাস্তায় আসতেই এক যাত্রীর লাগেজ ধরে টান দেয় ছিনতাইকারী। তিনি লাগেজ ধরে রাখলে তাঁকে ক্ষুরের পোঁচ দিয়ে লাগেজ নিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার পর দুজন লোক তাঁকে হাসপাতালে নিয়ে যান।
কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক খায়রুল বশীর প্রথম আলোকে বলেন, মালামাল বহনের নির্ধারিত ভাড়ার তালিকা রয়েছে। এর বাইরে কেউ অতিরিক্ত ভাড়া চাইলে যাত্রীরা তাঁদের কাছে অভিযোগ জানাতে পারে। প্রয়োজনে এ ধরনের কুলিদের বহিষ্কারও করা হবে। তবে নিবন্ধনের বাইরে থাকা শিশু-কিশোরদের দিয়ে মালামাল বহন না করার পক্ষে মত দিয়ে ব্যবস্থাপক বলেন, এতে মালামাল খোয়া যাওয়ার আশঙ্কা থাকে। সিএনজিচালিত অটোরিকশাচালক ও ছিনতাইকারীদের বিষয়ে তিনি বলেন, এটা দেখার দায়িত্ব তাঁদের নয়। কারণ এসব ঘটে প্ল্যাটফর্মের বাইরে।
এমন ছিনতাইয়ের ঘটনার কথা স্বীকার করলেন মতিঝিল থানার দায়িত্বশীল একজন কর্মকর্তা। তবে তিনি জানান, এখানে নিয়মিত পুলিশের টহল রয়েছে। কিন্তু সার্বক্ষণিক পুলিশ থাকে না। তাই মাঝে মাঝে এমন ঘটনা ঘটছে।