কুলিদের কাছে যাত্রীরা জিম্মি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল ও ভারতের পেট্রাপোলের শূন্যরেখায় পাসপোর্টধারী যাত্রীরা কুলিদের হয়রানির শিকার হচ্ছেন। টানাটানি করে ব্যাগ নিয়ে কুলিরা (মালামাল বহনের শ্রমিক) ইচ্ছেমতো যাত্রীদের কাছে টাকা দাবি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
যাত্রীরা বলছেন, বন্দর কর্তৃপক্ষ কুলিদের কার্ড দিয়েই তাঁদের দায়িত্ব শেষ করেছেন। কিন্তু কুলিদের তদারকি বা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
সরেজমিনে শুল্ক অভিবাসনের একজন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে দেখা যায়, যাত্রীরা তল্লাশি চৌকি পেরিয়ে শূন্যরেখায় পৌঁছার সঙ্গে সঙ্গে চার-পাঁচজন কুলি ব্যাগ ধরে টানাটানি শুরু করছেন। এই কুলিদের বুকে বন্দর কর্তৃপক্ষের কার্ড লাগানো। এঁদের অনেকে ধমক দিয়ে যাত্রীর ব্যাগ কেড়ে নিচ্ছেন। এরপর অভিবাসনে পৌঁছাতেই যাত্রীদের কাছে তাঁরা ২০০-৩০০ টাকা দাবি করছেন।
ওই সময় সেখানে থাকা যাত্রী কাজী সোহেল আহমেদ বলেন, ‘আমার মেয়ে ক্যানসারের রোগী। তিন মাস পর পর চিকিৎসার জন্য ভারতে যেতে হয়। প্রতিবারই কুলিরা ব্যাগ টানাটানি করে। ব্যাগ নিয়েই তাঁরা ২০০ থেকে ৩০০ টাকা দাবি করেন। অথচ ঢাকা-কলকাতা পরিবহনের টিকিট কাটার সময় সব খরচ নিয়ে নেওয়া হয়। অভিযোগ শোনার মতো এখানে কেউ নেই।’ এ ছাড়া যাত্রীদের নিরাপত্তা নিয়েও কর্তৃপক্ষের মাথাব্যথা নেই বলে অভিযোগ করেন অনেকে।
যাত্রীদের ব্যাগ টানাটানির কারণ জানতে চাইলে শ্রমিক সর্দার আলম হোসেন বলেন, যাত্রীদের ব্যাগ অভিবাসনে পৌঁছে দেওয়ার জন্য পরিবহন কর্তৃপক্ষ যাত্রীপ্রতি ২০ টাকা কুলিদের দেয়। বকশিশ হিসেবে যাত্রীরা যা দেন তা-ই নেওয়া হয়।
বেনাপোল শুল্ক অভিবাসনের সুপারিনটেনডেন্ট মোমিনুর রহমান বলেন, ‘যাত্রীরা কোনো অবৈধ পণ্য আনা-নেওয়া করছে কি না তা দেখার দায়িত্ব আমাদের। জাল পাসপোর্ট-ভিসায় কেউ যাতায়াত করছে কিনা তা দেখার দায়িত্ব অভিবাসন পুলিশের। আর যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বন্দর কর্তৃপক্ষের।’
বেনাপোল স্থলবন্দর পরিচালকের দায়িত্বে থাকা উপপরিচালক আবদুল জলিল বলেন, যাত্রীদের সেবা দেওয়ার জন্য ১৭০ জন কুলিকে পাস কার্ড দেওয়া আছে। নিরাপত্তাহীনতার ব্যাপারে যাত্রীদের কেউ কোনো অভিযোগ করেননি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তিদের পাস বাতিল করা হবে।’
বেনাপোল অভিবাসন পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিন অন্তত তিন হাজার মানুষ পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশ ও ভারতে যাতায়াত করেন। ১১ ডিসেম্বর ভারত থেকে বাংলাদেশে আসেন এক হাজার ২০ বাংলাদেশি, ২০৯ ভারতীয় ও অন্যান্য দেশের ১৩ নাগরিক। এই দিন বাংলাদেশ থেকে ভারতে যান এক হাজার ৫২০ জন বাংলাদেশি, ২০২ ভারতীয় ও অন্যান্য দেশের ১৫ জন নাগরিক।