কুলিয়ারচরে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হোসেন মিয়া (২৫) নামের সিএনজিচালিত এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার রামদি ইউনিয়নের আগরপুর পশ্চিমপাড়ার একটি পুকুর থেকে হোসেনের মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার অটোরিকশাস্ট্যান্ড থেকে পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ।
হোসেন আগরপুর গ্রামের বাসিন্দা।
এর আগে ১৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জের কটিয়াদীতে রনি মিয়া (২০) নামের সিএনজিচালিত এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করে তাঁর অটোরিকশাটি নিয়ে যায় দুর্বৃত্তরা।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে হোসেন ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অটোরিকশা চালাতেন। গত শনিবার সকালে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফিরেননি তিনি। ওই দিন সন্ধ্যা থেকে তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। আজ বেলা তিনটার দিকে আগরপুর পশ্চিমপাড়ার একটি পুকুরে মৃতদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানান। বিকেল চারটার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান বলেন, নিহত হোসেনের বুকে ও যৌনাঙ্গে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। ধারণা করা করা হচ্ছে, দুই দিন আগে খুন করে হোসেনের মৃতদেহ পুকুরে ফেলে দিয়ে থাকতে পারে দুর্বৃত্তরা।