কুলিয়ারচরে চালকের লাশ ও অটোরিকশা উদ্ধার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে হোসেন মিয়া (২৫) নামের সিএনজিচালিত এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার রামদি ইউনিয়নের আগরপুর পশ্চিমপাড়ার একটি পুকুর থেকে হোসেনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার অটোরিকশা স্ট্যান্ড থেকে পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। হোসেন মিয়া আগরপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ জানায়, কয়েক বছর ধরে হোসেন ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অটোরিকশা চালাতেন। গত শনিবার সকালে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। ওই দিন সন্ধ্যা থেকে তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। গতকাল বেলা তিনটার দিকে আগরপুর পশ্চিমপাড়ার একটি পুকুরে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানান। বিকেল চারটার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান বলেন, নিহত হোসেনের বুকে ও গোপনাঙ্গে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, দুই দিন আগে খুন করে হোসেনের মৃতদেহ পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে ১৩ সেপ্টেম্বর একই জেলার কটিয়াদীতে রনি মিয়া (২০) নামের এক চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা।