কুলিয়ারচরে ভিজিডির চাল কম দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নে দুস্থদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচির (ভিজিডি) চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয় থেকে এ চাল বিতরণ করা হয়।
ইউপি সূত্র জানায়, ইউনিয়নটিতে মোট ৪২০ জন ভিজিডি কার্ডধারী। তাঁদের ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। রোববার ইউপি কার্যালয় থেকে দুবারের চাল একসঙ্গে ৬০ কেজি করে দেওয়া হয়। দুপুর ১২টার দিকে বিতরণ কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান এর উদ্বোধন করেন। এর দেড় ঘণ্টা পর তিনি চলে যান। এরপর চেয়ারম্যান ও কয়েকজন সদস্যের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়।
দাড়িয়াকান্দি গ্রামের খালেদা বেগমসহ কয়েকজন বলেন, ইউপি থেকে জানানো হয় বস্তায় ৬০ কেজি চাল রয়েছে। পরে পরিমাপ করে দেখতে পান এতে ৫০ কেজি রয়েছে। ফিরে এসে তিনি চেয়ারম্যান ও মেম্বরদের কাছে নালিশ জানিয়েও প্রতিকার পাননি।
ছয়সূতি এলাকার মনোয়ারা বেগম (৪৫) বলেন, ‘আমারে নয় কেজি চাল কম দেওয়া হইছে।’ একই এলাকার রাকিবা বেগম বলেন, তিনি আট কেজি চাল কম পেয়েছেন।
দাড়িয়াকান্দি গ্রামের রাবিয়া বেগমের অভিযোগ, তাঁকেও আট কেজি চাল কম দেওয়া হয়েছে। বধুয়ারচর গ্রামের নাজমা বেগম বলেন, বাড়িতে নিয়ে ওজন দিয়ে দেখেন বস্তায় ৫০ কেজি চাল রয়েছে।
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ইউপি চেয়ারম্যান মিজবাহুল ইসলাম গতকাল মঙ্গলবার বলেন, খাদ্যগুদাম থেকে বস্তায় করে চাল আনা হয়েছে। আনার সময় ও উপকারভোগীরা নিয়ে যাওয়ার সময় কিছু চাল পড়ে গেছে। এ কারণে ওজনে কিছুটা হেরফের হয়ে থাকতে পারে।
বিতরণ কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান বলেন, তিনি যতক্ষণ ছিলেন ততক্ষণ কারও কাছ থেকে ওজন কম দেওয়ার অভিযোগ পাননি। চলে আসার পর অভিযোগটি কানে এসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উর্মি বিনতে সালাম বলেন, এ ঘটনায় তিনি মৌখিক অভিযোগ পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখবেন।