কুলিয়ারচরে রেলের জায়গা অবৈধভাবে ভরাট

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় রেলওয়ের জায়গা স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে ভরাট করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রেলওয়ে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দাড়িয়াকান্দি-কুলিয়ারচর সদর সড়কের বাসস্ট্যান্ডসংলগ্ন লেভেল ক্রসিংয়ের দুই পাশে রেলওয়ের জায়গা রয়েছে। জায়গাটি তুলনামূলকভাবে একটু নিচু। কয়েক মাস ধরে আবুল বাশার নামের প্রভাবশালী ওই ব্যক্তি দুই পাশের জায়গা ভরাট করছেন। ভরাটের কাজ প্রায় শেষ।
৩ আগস্ট সরেজমিন দেখা গেছে, ভৈরব-ময়মনসিংহ রেলপথের কুলিয়ারচরের অংশে খননযন্ত্রের পাইপ বসানো রয়েছে। কয়েকটি ট্রাক্টর দিয়ে বালু-মাটি সরিয়ে অন্য জায়গায় নেওয়া হচ্ছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, রেললাইনের দুই পাশের ওই জায়গা রেলওয়ের নিজস্ব সম্পত্তি। কিন্তু হঠাৎ করে আবুল বাশার দাবি করছেন, দুই পাশের বেশির ভাগ জায়গা তিনি কিনেছেন। এ কারণে ভরাট করছেন। এলাকাবাসী বিষয়টি রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনেছেন। অভিযোগ পাওয়ার পর রেলওয়ের কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তখন তাঁরা এলাকাবাসীকে জানিয়ে গেছেন এই জায়গা রেলওয়ের এবং কেনো ব্যক্তির তা ভরাটের এখতিয়ার নেই। অথচ জায়গাটি ভরাট করে সেখানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছেন আবুল বাশার।
রেলওয়ের কিশোরগঞ্জ জেলা ভূ-সম্পত্তি বিভাগের ভারপ্রাপ্ত আমিন মো. ফাইজুজ্জামান বলেন, ‘সম্পূর্ণ অবৈধভাবে আবুল বাশার রেলওয়ের জায়গা ভরাট করছেন। আমরা তাঁকে নানাভাবে বিরত রাখার চেষ্টা করেছি। কিন্তু তিনি থামেননি। ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার কার্যালয়কে লিখিতভাবে পুরো বিষয়টি অবহিত করা হয়েছে। এই তথ্য জানার পরও আবুল বাশার ভরাটকাজ বন্ধ করেননি। এই পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে মামলার পরিকল্পনা করা হচ্ছে।’
তবে অভিযোগ অস্বীকার করে আবুল বাশার বলেন, রেলওয়ের নয়, তিনি নিজের জায়গা ভরাট করছেন। লেভেল ক্রসিংয়ের দুই পাশের ১২ শতাংশ জায়গা স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে তিনি কিনেছেন। পরে অবশ্য স্বীকার করেন রেলওয়ের কিছু অংশও ভরাট করা হয়েছে। তবে ওই জায়গা ইজারা পেতে রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তরে তিনি আবেদন করেছেন।
জানতে চাইলে রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা এস এম রেজাউল করিম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খবর নিয়ে দেখছেন। অভিযোগ সত্য হলে ওই ব্যক্তির (আবুল বাশার) বিরুদ্ধে অবশ্যই মামলা করা হবে।