কুশিয়ারা থেকে বিপুল পরিমাণ বালুসহ ড্রেজার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলায় গতকাল মঙ্গলবার ৪০-৫০ লাখ ঘনফুট বালু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ড্রেজার ও ১৯৮টি প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কুশিয়ারা নদীর হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার অংশ ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর অংশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বেশ কিছুদিন ধরে ড্রেজার দিয়ে বালু তুলছে একটি চক্র। চক্রটি নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানা গ্যাসক্ষেত্রের নির্মাণাধীন নর্থপ্যাডে বালু সরবরাহ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গতকাল দুপুরে হবিগঞ্জের নির্বাহী হাকিম মোহাম্মদ নুরুজ্জামান ও জগন্নাথপুরের নির্বাহী হাকিম মো. রফিকুল ইসলাম যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দীঘলবাগ গ্রামের একজন বাসিন্দা বলেন, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে বালু সরবরাহকারী ঠিকাদারের সঙ্গে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার ভাই জড়িত। এ কারণে অবৈধভাবে বালু তোলার বিরুদ্ধে কেউ ভয়ে প্রতিবাদ করত না।
মোহাম্মদ নুরুজ্জামান বলেন, চক্রটি প্রতারণা করে বালু তুলছিল। হবিগঞ্জ থেকে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন গেলে তারা দাবি করে, জগন্নাথপুর অংশ থেকে তারা বৈধভাবে বালু তুলছে। আর সুনামগঞ্জ প্রশাসন গেলে বলে, হবিগঞ্জ অংশ থেকে বালু তুলছে প্রশাসনিক অনুমোদন নিয়ে। এ কারণে দুই জেলা থেকে যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, জব্দ করা বালুর মূল্য প্রায় চার কোটি টাকা। এ বালু নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িকে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১০ ধারায় চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।