কুষ্টিয়া ও ঝালকাঠিতে দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী থেকে গতকাল সোমবার এক ব্যক্তির বস্তাবন্দী গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ডোবা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভেড়ামারার পদ্মা নদীর রায়টা ঘাট এলাকায় পাওয়া লাশটি চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী হামিদুল ওরফে হামিদের। পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৪০ দিন আগে নিজ এলাকা থেকে হামিদকে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ভেড়ামারা থানায় একটি মামলা করা হয়। গত রোববার রাতে একটি নৌকা ভেড়ামারার রায়টা এলাকায় পদ্মা নদীতে ডুবে গেলে গতকাল সকালে স্থানীয় লোকজন সেটি খুঁজতে পদ্মা নদীতে নামেন। একপর্যায়ে পাথর চাপা দেওয়া একটি বস্তা পানির নিচ থেকে উদ্ধার করেন তাঁরা। পরে বস্তার ভেতরে একটি গলা কাটা গলিত লাশ পাওয়া যায়। পরে লাশটি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হামিদের স্ত্রী এবং ভাই মতি সরদার লাশটি হামিদের বলে শনাক্ত করেন। হামিদের বিরুদ্ধে ভেড়ামারা, পাবনার ঈশ্বরদী ও নাটোরের লালপুর থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) আশিষ বিন হাছান বলেন, নিশ্চিত হওয়ার জন্য লাশটির ডিএনএ টেস্টের প্রস্তুতি চলছে।
এদিকে কাঠালিয়া উপজেলার জয়খালী গ্রামে রিজিয়া বেগম (৭০) নামের এক নারীকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল সকালে ওই বৃদ্ধার পুত্রবধূ কুলসুম বেগম (৩০) ও প্রতিবেশী কেফাইতুল্লাহকে (২৫) আটক করেছে।
স্থানীয় লোকজন বলেন, তাঁরা ধারণা করছেন, রোববার রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় রিজিয়াকে গলা টিপে হত্যা করে পাশের সুপারিবাগানের ডোবায় ফেলে রাখে। সকালে লোকজন ডোবায় তাঁর লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির-উল-গিয়াস বলেন, নিহত বৃদ্ধার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। বৃদ্ধার ছেলে চট্টগ্রাম থেকে এলে রাতে মামলা করা হবে।