কুষ্টিয়া ও যশোরে দুজন খুন
কুষ্টিয়ার মিরপুরে জামাতার হাতে শ্বশুর খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার ওই ঘটনা ঘটে। একই দিনে যশোর শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভাড়ল গ্রামের দুলাল হোসেন (৫৫) ও যশোর শহরের বারান্দিপাড়া এলাকার মো. হানিফ (২৫)।
নিহত দুলাল হোসেনের মেয়ে রূপালী খাতুন বলেন, সম্প্রতি তাঁর (রূপালী) স্বামী নাসির উদ্দীন তাঁকে তালাকের আবেদন পাঠান। এ ব্যাপারে দুলাল প্রতিকার চেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে বিচার দেন। বিষয়টি পরে আদালত পর্যন্ত গড়ায়। ঘটনার পর থেকে রূপালী তাঁর মেয়ে মাহফুজাকে নিয়ে বাবার বাড়িতে থাকছিলেন।
গতকাল সকাল নয়টার দিকে নাসির শ্বশুর বাড়িতে গিয়ে মাহফুজাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় রূপালীর ওপর তিনি হামলা চালালে দুলাল হোসেন বাধা দিতে যান। নাসির তাঁর হাতের কাছে থাকা কাঠ দিয়ে শ্বশুরের মাথায় আঘাত করেন। এতে দুলাল গুরুতর আহত হলে তাঁকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে নাসির পলাতক।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি জালাল উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
যশোর কোতোয়ালি থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে শহরের বারান্দিপাড়া এলাকায় কয়েকজন দুর্বৃত্ত হানিফের শরীরে এলোপাতাড়ি ছুরি মেরে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। গতকাল সকালে সেখানে তিনি মারা যান।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী বলেন, খুনের সঙ্গে জড়িত বলে স্থানীয় কয়েকজনের নাম শোনা যাচ্ছে। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো পরিষ্কার না। মামলা হওয়ার পরে ব্যবস্থা নেওয়া হবে।