কুষ্টিয়া শহরে ছুরিকাঘাতে কিশোর ছাত্র নিহত
কুষ্টিয়া শহরে ছুরিকাঘাতে আসলাম জেলিন (১৭) নামের এক কিশোর খুন হয়েছে। আজ মঙ্গলবার বেলা একটার দিকে শহরের বাবর আলী গেটে সোনালী ব্যাংক কুষ্টিয়া প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জেলিন আড়ুয়াপাড়ার পদ্মা মসলা মিলের মালিক মাহাবুব ইসলামের ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্য, দুপুরে জেলিন তার কয়েকজন বন্ধুর সঙ্গে শহরের সোনালী ব্যাংকের সামনে কনফেকশনারি একটি দোকানের পেছনে বসে আড্ডা দিচ্ছিল। সেখানেই জেলিনের পেটে ছুরিকাঘাত করা হয়।
কনফেকশনারি দোকানের মালিক সোহেল আহমেদ প্রথম আলোকে বলেন, জেলিন তার বন্ধু তুষার, রঙ্গন, দুর্জয়, ফাহিম ও কালো তুষার দোকান থেকে কোমল পানীয় ও সিগারেট নিয়ে দোকানের পেছনে বসে খাচ্ছিল। সোয়া একটার দিকে হঠাৎ তিনি দৌড়ের শব্দ শুনতে পান। বাইরে গিয়ে তিনি দেখেন তিনজন মিলে জেলিনকে ধরে ইজিবাইকে তুলে হাসপাতালে নিয়ে যাচ্ছে। তারা জানায়, জেলিনের পেট কেটে গেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবুল হাসনাত প্রথম আলোকে বলেন, জেলিনের পেটে ছুরির বড় ধরনের আঘাত ছিল। তার ভুঁড়ি বের হয়ে গিয়েছিল।
এদিকে কে বা কারা তাকে হাসপাতালে নিয়ে গেছে, সে বিষয়ে রেজিস্ট্রার খাতায় অজ্ঞাত লেখা ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে জেলিন বড় ছিল। এ বছর কুষ্টিয়া জিলা স্কুল থেকে সে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কুষ্টিয়া সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তি হয়।
জেলিনের বাবা মাহাবুব ইসলাম ও মা আলো খাতুন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে কাদার মধ্যে ধস্তাধস্তির চিহ্ন দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। মাহাবুব বলেন, জেলিন খুবই মেধাবী ছিল। তার কোনো শত্রু থাকতে পারে না। বন্ধুরা কোনো কারণে তাকে হত্যা করতে পারে বলে তিনি ধারণা করছেন।
জেলিনের এক আত্মীয় নামপ্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, প্রায় এক মাস আগে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে তুষারের সঙ্গে জেলিনের বিরোধ হয়েছিল। সে সময় তুষার জেলিনকে মারধরও করেছিল।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো কারণে এ ঘটনা ঘটেছে। অন্য কারণও থাকতে পারে। তবে ঘটনার সময় উপস্থিত বন্ধুদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে। তাদের সবার মোবাইল ফোন বন্ধ।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার কুণ্ডু প্রথম আলোকে বলেন, জেলিনের নাভির নিচে বাঁ পাশে ছুরির আঘাতে তার ভুঁড়ি বের হয়ে গেছে। বুকে ও বাঁ হাতের কবজিতেও আঘাতের চিহ্ন ছিল।