কুষ্টিয়ায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে গতকাল বুধবার সন্ধ্যায় অস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও জাল মুদ্রা উদ্ধার করার দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
র‌্যাবের ভাষ্য, গতকাল সন্ধ্যায় উপজেলার সদরপুর গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মিরপুর উপজেলার সদরপুর গ্রামের চঞ্চল মল্লিক (২৫) ও দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি গ্রামের সজীব হোসেন (২৪)।
ঘটনার বিষয়ে রাত আটটার দিকে কুষ্টিয়া র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের হাজির করা হয়। সেখানে কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার আলী হায়দার চৌধুরী দাবি করেন, গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল সন্ধ্যায় সদরপুর গ্রামে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে চঞ্চল ও সজীবকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৫৭ বোতল ফেনসিডিল ও ১০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী একই গ্রামের নাজমুল মণ্ডলের (৩২) বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলিভর্তি একটি রিভলবার, আটটি ধারালো অস্ত্র, আট হাজার ২০০ টাকার জাল মুদ্রা ও মাদক বিক্রির ৩০ হাজার ৭১০ টাকা উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে নাজমুল পালিয়ে যান।
আজ বৃহস্পতিবার সকালে চঞ্চল ও সজীবকে মিরপুর থানায় হস্তান্তর করে র‌্যাব। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় ওই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।