কুষ্টিয়ায় আ.লীগ ও জাসদের পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগ ও জাসদের সমর্থকেরা একে অপর পক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুই দফার এ হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজীহাটা গ্রামে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কয়েকজন সমর্থক আওয়ামী লীগ-সমর্থিত লোকজনের বাড়ির সামনে দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যান। এতে আওয়ামী লীগের লোকজন উত্তেজিত হয়ে পড়েন। বিষয়টি নিয়ে গতকাল বুধবার উভয় পক্ষের লোকজনের থানায় বৈঠকে বসার কথা ছিল।

কিন্তু এর আগেই মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের লোকজন জাসদ-সমর্থিত ব্যক্তিদের দুটি বাড়ির চারটিজানালা ভেঙেফেলেন। পরে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে জাসদের বেশ কয়েকজন জড়ো হয়ে আওয়ামী লীগের লোকজনের বাড়িতে হামলা চালিয়ে ছয়টি বাড়ি ভাঙচুর করেন এবং ১১টি বাড়িতে লাগানো বৈদ্যুতিক মিটার ভাঙচুর করেন। একপর্যায়ে দুটি ককটেল বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এঁদের মধ্যে দুজনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার শিকার ফরিদ হোসেন বলেন, রাতে জাসদ সমর্থকেরা এলাকায় ঢুকে প্রথমে বসতবাড়ির বৈদ্যুতিক মিটার ভেঙে বিদ্যুৎলাইন বন্ধ করে দেন। এরপর বাড়িতে ঢুকে হামলা ও মালামাল লুট করেন। রূপজান বেগম নামে এক নারী বলেন, ছেলেকে বিদেশ পাঠানোর জন্য ঘরের টিনের বাক্সে টাকা রেখেছিলেন। সেই টাকাও দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত দোকানদার আবুল কালাম বলেন, তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন। বেশ কিছুদিন ধরে জাসদের স্থানীয় নেতারা তাঁকে জাসদে যোগ দিতে চাপ দিচ্ছেন। দল ত্যাগে রাজি না হওয়ায় তাঁর দোকান লুট করা হয়েছে।

জাসদের ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম আনছার আলী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মূলত গ্রামবাসীর মধ্যে ওই সংঘর্ষ হয়। একটি মহল ঘটনাটি রাজনৈতিক রূপ দিতে উসকানি দিচ্ছে। সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনিও আহত হয়েছেন। এ ছাড়া তাঁর দলের আবদুল হামিদের বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। তাঁদের কর্মীরাও আহত হয়েছেন।

ধরমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুল আলম বলেন, জাসদ প্রভাব বিস্তারের জন্য পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম গতকাল বিকেল পৌনে চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটটি বাড়িঘর ভাঙচুর হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ-সমর্থিতদের ছয়টি ও জাসদের দুটি। এ ছাড়া আওয়ামী লীগ-সমর্থকদের ১১টি বাড়ির বৈদ্যুতিক মিটার ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল বেলা ১১টার দিকে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার বলেন, চলতি মাসে উপজেলায় এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও ছাড় দেওয়া হবে না।