কুষ্টিয়ায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। 
নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পোড়াদহ এলাকায় আওয়ামী লীগের কর্মী মোশারফ হোসেন ও পারভেজ ইসলামের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল সন্ধ্যায় মোশারফ পক্ষের নুরুল ইসলাম (৫০) ও তাঁর ছেলে ছাত্রলীগের নেতা সজীবুল ইসলাম (২৫) স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পারভেজ, মাসুদ, ফজলু ও কবিরসহ প্রতিপক্ষের লোকজন নুরুল ও সজীবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ খবরে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আরও দুজন আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। সেখানে নুরুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলীম রাতে প্রথম আলোকে বলেন, নিহত নুরুল ইসলাম মিরপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সজীবুল ইসলামের বাবা ও আওয়ামী লীগের কর্মী ছিলেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন রাতে বলেন, মহিষ চুরির ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জের ধরেই সংঘর্ষ হয়েছে। দুটি পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।