কুষ্টিয়ায় আ.লীগ-সমর্থিত দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫০)। লাশ ময়নাতদ‌ন্তের জন্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পোড়াদহ এলাকায় স্থানীয় আওয়ামী লীগ-সমর্থিত দুটি পক্ষের মোশারফ হোসেন ও পারভেজ ইসলামের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ সন্ধ্যায় মোশারফের পক্ষের নুরুল ইসলাম (৫০) ও তাঁর ছেলে সজীব (২৫) স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পারভেজ, মাসুদ, ফজলু ও কবিরসহ প্রতিপক্ষের লোকজন বাবা-ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আরও দুজন আহত হন। স্থানীয়রা আহত লোকজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রাতে কোনো পক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগ বা কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলীম রাতে প্রথম আলোকে বলেন, নিহত নুরুল ইসলাম মিরপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সজিবুল ইসলামের বাবা ও আওয়ামী লীগের কর্মী ছিলেন। তবে এটা অস্বীকার করা যাবে না যে উভয় পক্ষই আওয়ামী লীগের রাজনীতি করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বলেন, মহিষ চুরির ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুটি পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।