কুষ্টিয়ায় আমবাগানে নারীর লাশ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালদহ গ্রামে একটি আমবাগান থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ধারালো কাচি ও ছুরি উদ্ধার করা হয়।
আজ সোমবার বেলা পৌনে একটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও এলাকার কয়েকজন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন উপজেলার লালদহ গ্রামের হিসনা নদীর পাশে একটি আমবাগানে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে। এ সময় সেখানে আশপাশের গ্রামের অনেক মানুষ জড়ো হলেও তারা কেউই লাশ শনাক্ত করতে পারেনি। পুলিশ লাশের পাশ থেকে একটি ছোট নতুন কাচি ও ছুরি উদ্ধার করে। তবে সেগুলোতে রক্তের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরে বেলা পৌনে একটার দিকে লাশ মর্গে পাঠানো হয়।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা) আশিস বিন হাসান প্রথম আলোকে বলেন, লাশের পেট কাটা ছিল। এ ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। পরনে নতুন শাড়ি ও দুই হাতে ইমিটেশনের চুড়ি ছিল।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ধারণা করা হচ্ছে অন্য কোনো এলাকার এই নারীকে ঘটনাস্থলে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কেননা ঘটনাস্থলের আশপাশে এক কিলোমিটারের মধ্যে কোনো বসতি নেই। ওই নারী মধ্যবিত্ত পরিবারের মনে হয়েছে।