কুষ্টিয়ায় গৃহবধূর ওপর অ্যাসিড নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক গৃহবধূর শরীর ঝলসে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৃহবধূর অভিযোগ, দীর্ঘদিন ধরে উত্ত্যক্তের পর স্থানীয় আল আমিন নামের এক যুবক এ ঘটনা ঘটিয়েছেন।
পুলিশ ও গৃহবধূর পরিবার সূত্র জানায়, ওই গৃহবধূ স্বামী ও তিন সন্তান নিয়ে সেরকান্দি এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। বাসার পাশেই থাকেন আল আমিন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গৃহবধূ পাশের একটি দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি গলির মুখে তাঁকে লক্ষ্য করে সিরিঞ্জ দিয়ে অ্যাসিড ছুড়ে মারেন আল আমিন। অ্যাসিড ছুড়েই তিনি পালিয়ে যান। এদিকে অ্যাসিডে গৃহবধূর শরীরের ডান পাশ ও হাত ঝলসে যায়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে গৃহবধূ প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে আল আমিন মুঠোফোনে তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন। তাঁর উত্ত্যক্ত করার মাত্রা বেড়েই চলছিল। সম্প্রতি উত্ত্যক্ত করার বিষয়টি পুলিশকে জানিয়ে দেবেন বলে তিনি আল আমিনকে হুমকি দেন। এতে ক্ষিপ্ত হয়ে আল আমিন এ ঘটনা ঘটিয়েছেন বলে তিনি মনে করছেন।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকুল উদ্দীন প্রথম আলোকে বলেন, গৃহবধূ আশঙ্কামুক্ত। তাঁর চিকিৎসা চলছে।
গতকাল দুপুরে গৃহবধূকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম। পরে তিনি সাংবাদিকদের বলেন, আল আমিন পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় কুমারখালী থানায় মামলার প্রক্রিয়া চলছে।