কুষ্টিয়ায় চারটি তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলায় বিলুপ্তপ্রায় চারটি তক্ষক উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের কামাল হোসেন (৩৫) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শামীম রেজা (৪০)। পুলিশের দাবি, তক্ষকগুলো রাঙামাটি পাহাড়ি অঞ্চল থেকে বিক্রির জন্য আনা হয়েছে। এগুলো ভারতে পাচার করা হচ্ছিল।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, তারা গোপনে খবর পায়, কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর গ্রামের রাজু আহম্মেদের বাড়িতে তক্ষক কেনাবেচা হচ্ছে। পুলিশ গতকাল সোমবার সকালে অভিযান চালিয়ে প্লাস্টিকের খাঁচার ভেতরে থাকা চারটি তক্ষক উদ্ধার করে। আটক করে দুজনকে। বাড়ির মালিক রাজুসহ অন্যরা দৌড়ে পালিয়ে যায়।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নেওয়াজ জানান, তক্ষক উদ্ধারের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ছয়জনের নামে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে।
ওসি জানান, তক্ষকগুলো আদালতের অনুমতি নিয়ে কুষ্টিয়া আঞ্চলিক বন বিভাগের কাছে দেওয়া হবে।