কুষ্টিয়ায় ছয় ইটভাটাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলার ছয়টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ড্রাম চিমনি ও কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাটাগুলোর কাছ থেকে ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
অভিযানে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া কার্যালয় জানায়, সকালে ঢাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম সেলিম রেজা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের নিয়ে সদর উপজেলার কয়েকটি ইটভাটায় অভিযান চালান। এ সময় সদর উপজেলার আলামপুরের ডায়মন্ড ব্রিকসকে ৭৫ হাজার টাকা, বৃত্তিপাড়ার হাকিম ব্রিকসকে ৮০ হাজার, লক্ষ্মীপুরের এইচএনআর ব্রিকসকে এক লাখ, কৃত্তিনগর ফোর স্টার ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে কুমারখালীর এসআরবি ব্রিকসকে ৮০ হাজার ও কেশবপুরের একেবি ব্রিকসকে ৭০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সবগুলো ভাটার ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ফায়ার সার্ভিসের পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়।