কুষ্টিয়ায় ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাদায় ধস্তাধস্তির চিহ্ন। তাতে স্পর্শ করে নিহত ছেলে আসলাম জেলিনকে খঁুজে পাওয়ার চেষ্টা করছেন বাবা মাহাবুব ইসলাম। তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এক স্বজন। ছবিটি গতকাল কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকা থেকে তোলা l প্রথম আলো
কাদায় ধস্তাধস্তির চিহ্ন। তাতে স্পর্শ করে নিহত ছেলে আসলাম জেলিনকে খঁুজে পাওয়ার চেষ্টা করছেন বাবা মাহাবুব ইসলাম। তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এক স্বজন। ছবিটি গতকাল কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকা থেকে তোলা l প্রথম আলো

কুষ্টিয়া শহরে ছুরিকাঘাতে আসলাম জেলিন (১৭) নামের মেধাবী এক কলেজছাত্র খুন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে শহরের বাবর আলী গেটে সোনালী ব্যাংক কুষ্টিয়ার প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জেলিন আড়ুয়াপাড়ার পদ্মা মসলা মিলের মালিক মাহাবুব ইসলামের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, জেলিনরা দুই ভাই। সে বড়। সে এ বছর কুষ্টিয়া জিলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে জেলিন তার কয়েকজন বন্ধুর সঙ্গে শহরের বাবর আলী গেট এলাকায় সোনালী ব্যাংকের সামনে একটি কনফেকশনারি দোকানের পেছনে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।একপর্যায়ে এক বন্ধু জেলিনের পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জেলিনকে মৃত ঘোষণা করেন।
কনফেকশনারি দোকানের মালিক সোহেল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘জেলিন, তুষার, তুষারের বন্ধু রঙ্গন, দুর্জয় ও ফাহিম দোকান থেকে কোমল পানীয় ও সিগারেট নিয়ে দোকানের পেছনে বসে খাচ্ছিল। বেলা একটা ২০ মিনিটের দিকে হঠাৎ দৌড়ের শব্দ শুনতে পাই। বাইরে গিয়ে দেখি, তিনজন মিলে জেলিনকে ধরে ইজিবাইকে তুলে হাসপাতালে নিয়ে যাচ্ছে। তারা জানায়, জেলিনের পেট কেটে গেছে।’
ঘটনার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দীক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজাসহ পুলিশের কর্মকর্তারা হাজির হন।
জেলিনের বাবা মাহাবুব ইসলাম ও মা আলো খাতুন ঘটনাস্থলে কাদার মধ্যে ধস্তাধস্তির চিহ্ন দেখে কান্নায় ভেঙে পড়েন।
মাহাবুব বলেন, ‘জেলিন খুবই মেধাবী ছিল। ওর কোনো শত্রু থাকতে পারে না। ধারণা করা হচ্ছে, পাড়ার বন্ধুরা কোনো কারণে তাকে হত্যা করেছে।’
অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দীক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্য কারণও থাকতে পারে। ঘটনার সময় উপস্থিত বন্ধুদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে। খুব দ্রুত ঘটনার সবকিছু উদ্ঘাটন করা সম্ভব হবে।