কুষ্টিয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ২০
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে গ্রাম পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছে।
গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি গ্রামের ঘুনাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে মহিষকুণ্ডি গ্রামের জাহাঙ্গীর হোসেন ও হানিফ আলী পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের ২০-২৫ জন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ায় লিপ্ত হয়। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গ্রাম পুলিশ ইসমাইল হোসেনসহ (৩২) অন্তত ২০ জন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে মেহেদী হাসান, জাহাঙ্গীর হোসেন, হানিফ আলী, শের আলী, হেলাল উদ্দীন, গোপাল, ইয়াদুল ইসলাম, শহিদুল ইসলাম, মহাচান আলী, জাকার মিয়া, রাজু আহমেদ, হেলু, জেহের আলী, সুকচাঁদ আলী, নুজিবুল ইসলাম, নান্টু মিয়া ও নুজুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সাকুব্বর আলী, খোকন ও আলতাব নামের তিনজনকে আটক করেছে।
দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।