কুষ্টিয়ায় দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন ও আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আনছারী বিপ্লবের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোগা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও কয়েকজন এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল দুপুরে স্থানীয় ঘোগা গ্রামের বাজারে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন আবদুল গাফফার, পিয়াস, মান্নান, জিন্নাহ, সাজেদুর রহমান, শহিদুল্লাহ, শামীম মাস্টার, বখতিয়ার রহমান, শাহীন, গোলজার আলী, টিপু, সাইদুল, তারিক আল মামুন, লেলিন ও বাচ্চু। তাঁরা দৌলতপুর ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
সাঈদ আনছারী বিপ্লব বলেন, পূর্ববিরোধের জের ধরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের লোকজন তাঁদের সমর্থকদের ওপর হামলা চালিয়ে আহত করেছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুনের ছোট ভাই তারিক আল মামুন বলেন, সকালে ঘোগা বাজারে তাঁদের পরিবারের লোকজন গেলে সেখানে বিপ্লবের লোকজন হামলা চালিয়ে তাঁদের আহত করেন। পরে এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, দুই চেয়ারম্যানের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের সময় ইটপাটকেলের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে বিকেল পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা দায়ের করেনি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।