কুষ্টিয়ায় নির্বাচন কার্যালয়ে ভাঙচুর, ছয় কর্মকর্তা-কর্মচারী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে ভোটার তালিকায় অবৈধভাবে নাম অন্তর্ভুক্ত করতে না পেরে একদল লোক উপজেলা নির্বাচন কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন।
হামলাকারীরা এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম ও কার্যালয়ের পাঁচ কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
গত রোববার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাচন কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিকুর রহমান ও পুলিশের কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম ও তাঁর দপ্তরের কয়েকজন কম্পিউটার অপারেটর ভোটার তালিকা হালনাগাদের কাজ করছিলেন।
রাত আটটার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের বাগানপাড়া এলাকার ফারুক আলমের (৩২) নেতৃত্বে জুয়েল রানা (২৬), মোবারক হোসেন (৩২), বুলবুল ইসলামসহ (২৮) ১০-১২ জন নির্বাচন কার্যালয়ে যান। তাঁরা কম্পিউটার অপারেটরদের কক্ষে গিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য চাপ দিতে থাকেন।
এতে রাজি না হলে তাঁরা কম্পিউটার অপারেটর মোমিন হোসেন, সুমন আহমেদ, আবদুল মাজেদ, কাওসার আহমেদ ও নাহারুল ইসলামের ওপর চড়াও হন এবং তাঁদের বেধড়ক মারধর করেন।
একপর্যায়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম তাঁর কক্ষ থেকে কম্পিউটার অপারেটরদের কক্ষে গেলে হামলাকারীরা
তাঁকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে তাঁরা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে চলে যান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ফারুক আলম নিয়মবহির্ভূতভাবে হালনাগাদ ভোটার তালিকায় কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করার জন্য চাপ দিয়ে আসছিলেন। রিফায়েতপুর ইউনিয়নের ভোটার তালিকার হালনাগাদের কাজ ২০ ও ২১ আগস্ট শেষ হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা চলে যাওয়ার সময় তাঁদের প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।
ঘটনার পর থেকে ফারুক আলম পলাতক। তাঁর মুঠোফোন নম্বরে গতকাল সোমবার যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নির্বাচন কার্যালয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের নামে মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।
ইউএনও তৌফিকুর রহমান বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।