কুষ্টিয়ায় বাড়ির সামনে ছাত্রলীগের কর্মীকে গুলি
কুষ্টিয়া শহরের হরিশংকপুর এলাকায় গতকাল শুক্রবার বিকেলে নিজ বাড়ির সামনে শাহরুখ খান ওরফে পিয়াস (২১) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিয়াসের বাবা আবুল কালাম আজাদ খান জানান, তাঁর ছেলে কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি কুষ্টিয়া শহর ছাত্রলীগের সহসভাপতি বলে দাবি করেন আজাদ।
জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি আলী মর্তুজা খসরু প্রথম আলোকে বলেন, শহর ছাত্রলীগের কোনো কমিটি নেই। পিয়াস ছাত্রলীগের কর্মী। মিছিল-মিটিংয়ে থাকেন।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পিয়াসকে হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। সাতটার দিকে অস্ত্রোপচার কক্ষ থেকে হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সুরেশ তুলশান প্রথম আলোকে বলেন, ‘পেটে দুটি গুলি লেগেছে। এখন পর্যন্ত গুলি খুঁজে পাওয়া যায়নি। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।’
হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের সামনে কথা হয় পিয়াসের বাবার সঙ্গে। তাঁর দেওয়া ভাষ্যমতে, বিকেল পাঁচটার দিকে কয়েকজন শিশুর সঙ্গে পিয়াস বাড়ির সামনে খেলা করছিলেন। এ সময় শহরের মোল্লা তেঘরিয়া এলাকার টুটুলসহ তিন যুবক একটি ইজিবাইকে করে সেখানে আসেন। তাঁদের মধ্যে একজন পিয়াসকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করেন। এরপর ওই তিন যুবক দ্রুত পালিয়ে যান। পরে
স্থানীয় লোকজন পিয়াসকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রবিউল ইসলাম বলেন, গত ২০ জুন সন্ধ্যায় শহরের পেয়ারাতলা এলাকায় টুটুলকে কয়েকজন যুবক মারধর করেন। ওই ঘটনায় দায়ের করা মামলায় পিয়াস এজাহারভুক্ত আসামি।
পিয়াসের বাবা আবুল কালাম আজাদের অভিযোগ, টুটুল প্রতিশোধ নিতেই গুলি করে তাঁর ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে টুটুলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।