কুষ্টিয়ায় বাসের ভেতরে র্যাবের গুলি, নিহত ১

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দূরপাল্লার বাসের ভেতরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও চারজন। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ভেড়ামারার ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনে (ঢাকা ব-১৪-৯৫৯৭) এ ঘটনা ঘটে। বাসটি আটক করে কুষ্টিয়া র্যাব ক্যাম্পে নেওয়া হয়েছে।
র্যাবের দাবি, এটা বন্দুকযুদ্ধের ঘটনা ছিল। হতাহত ব্যক্তিরা যাত্রীবেশে বাসে ডাকাতি করতে গিয়েছিলেন। তাঁরা ডাকাত দলের সদস্য। তবে আহত ব্যক্তিরা বলছেন, নিজেদের প্রয়োজনে তাঁরা বাসে করে ঢাকায় যাচ্ছিলেন। কোনো কারণ ছাড়াই র্যাব তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়েছে।
জানা গেছে, র্যাবের গুলিতে নিহত ব্যক্তির নাম আবদুস সালাম (৫৪)। তিনি পাবনার আতাইকুলা থানাধীন কৈজুরি শ্রীপুর গ্রামের মৃত হোসেন সরদারের ছেলে। আর গুলিবিদ্ধ চারজন হলেন পাবনার ঈশ্বরদী উপজেলার বাঘইল গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে আইনুল হক (৪৮) ও একই গ্রামের মৃত মহিরের ছেলে খোকন (৪০), বেড়া উপজেলার মানিকনগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৮) ও হাঁটুরিয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে আলমগীর হোসেন (২৫)।
গতকাল সোমবার বেলা দেড়টায় কুষ্টিয়ার র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলন করেন র্যাব-১২-এর সিরাজগঞ্জের অপারেশন কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দীন ফারুকী। এ সময় সেখানে পাবনা র্যাব ক্যাম্পের কমান্ডার বীণা রানী দাস এবং কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। মহিউদ্দীন ফারুকী বলেন, রাত সোয়া ১২টার দিকে বাসের এক যাত্রী মুঠোফোনে সিরাজগঞ্জে র্যাবের নিয়ন্ত্রণকক্ষে জানান, বাসটি ডাকাতের কবলে পড়েছে। একই সময়ে মহিউদ্দীন ফারুকসহ র্যাবের একটি দল পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকায় জঙ্গিবিরোধী অভিযানে অবস্থান করছিল। ডাকাতির খবর পেয়ে তারা দ্রুত কুষ্টিয়া ক্যাম্পে খবর দিয়ে ভেড়ামারায় যায়। হানিফ পরিবহনের কাছে গেলে ডাকাতেরা গাড়ির চালকের পাশে থাকা জানালা নিয়ে গুলি ছোড়ে। এ সময় চালক কৌশলে বাসের দরজা খুলে দিলে র্যাবের সদস্যরা ভেতরে যান। তখন ডাকাতেরা আবার গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি করে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। বাকি কয়েকজন ডাকাত পালিয়ে যায়। বাসের ভেতর থেকে একটি রিভলবার, একটি পিস্তল, আটটি গুলি, দুটি চাপাতি, দুটি ছুরি উদ্ধার করা হয়।
র্যাবের ওই কর্মকর্তা আরও বলেন, র্যাব বাসের ভেতরে ২৯টি গুলি ছোড়ে। তবে ডাকাতেরা কয়টি গুলি করেছে তা জানা নেই। পরে গুলিবিদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুস সালাম নামের একজনকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনকে ওই হাসপাতালে নেওয়া হয়।
র্যাব ক্যাম্পে এ সময় ডাকাতের কবলে পড়া বাসে ছিলেন চালক হাফিজুর রহমান, সুপারভাইজার মো. রোকন ও যাত্রী মাহবুবুর রহমান। বাসের চালক হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বাসে মোট ২০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে বি-১, ৩ ও ৪ নম্বর আসনে তিনজন ওঠেন। ভেড়ামারার কাছাকাছি বারোমাইলে আরও দুজন ডি-৩ ও ৪ নম্বর আসনে ওঠেন। ওঠার পরপরই পাঁচজন মিলে তাঁদের কাছে থাকা চাপাতি ও পিস্তল দিয়ে যাত্রীদের জিম্মি করেন। তাঁদের মধ্যে একজন ভেড়ামারার দিকে বাস নিয়ে যেতে বলেন। ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছানোমাত্র র্যাবের গাড়ির শব্দ শুনতে পান। তখন দরজা খুলে দিলে র্যাব সদস্যরা ভেতরে ঢোকেন। শুরু হয় গোলাগুলি। যাত্রীরা ভয়ে বাসের পেছনে চলে যান।
বাসের ভেতরে ওই আসনগুলোর নিচে প্রচুর রক্ত দেখা গেছে। সেখানে আসনের সামনে জুতা পড়ে ছিল। তবে বাসের গ্লাসে ও সিটে কোনো গুলির দাগ দেখা যায়নি। বাসটি অক্ষত আছে বলে বাসের চালকও নিশ্চিত করেছেন।
বাসের যাত্রী মাহবুবুর রহমান বলেন, তিনি ডি-১ আসনের যাত্রী ছিলেন। তাঁর এক বন্ধুর বিয়ের দাওয়াতে কুষ্টিয়া এসেছিলেন। তিনিও ডাকাতির একই ঘটনার বর্ণনা দেন। পরে বাসে করে অন্য যাত্রীদের সঙ্গে কুষ্টিয়া চলে আসেন।
গতকাল সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে, গুলিবিদ্ধ চারজন মেঝেতে হাতকড়া পরা অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে খোকনের বাঁ পায়ে গুলি লেগেছে। আইনুল, দেলোয়ার ও আলমগীর—প্রত্যেকের দুই পায়ে গুলি লেগেছে।
খোকনের ভাষ্য, ঢাকা থেকে শীতের কাপড় নিয়ে এসে তিনি পাবনায় বিক্রি করেন। আইনুলও একই ব্যবসা করেন। তাঁরা দুজন বাসে করে মালামাল কিনতে যাচ্ছিলেন। র্যাব বাসে উঠে বলে, ‘তোদের কাছে অস্ত্র আছে।’ এরপর পায়ে গুলি করে।
দেলোয়ার নিজেকে বাসচালক বলে পরিচয় দেন। তিনি সাভারের নবীনগরে ঢাকা-কুয়াকাটাগামী নবীনবরণ নামে একটি বাস চালান। নিহত সালাম তাঁকে ভেড়ামারায় শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস চালানোর প্রস্তাব দিয়েছিলেন। ভেড়ামারায় তাঁর সঙ্গে দেখা করে দেলোয়ার ঢাকায় ফিরছিলেন। আলমগীর আগে মেহেদি বিক্রি করতেন। এখন এলাকায় থাকেন। তিনিও দেলোয়ারের সঙ্গে ঢাকায় যাচ্ছিলেন। বাসে র্যাব এসে তাঁদের কাছে অস্ত্র আছে কি না, জানতে চায়। এরপর গুলি ছোড়ে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার বলেন, সালামের বুকে ও দুই হাঁটুতে গুলি লেগেছে। বুকে লাগা গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
র্যাবের কমান্ডার মুহম্মদ মহিউদ্দীন ফারুক বলেন, প্রত্যেকের বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
আমাদের ঈশ্বরদী প্রতিনিধি জানান, আহত আইনুল হক ও খোকনের নামে থানায় কোনো মামলার কথা পুলিশ জানাতে পারেনি। তবে আমাদের বেড়া (পাবনা) প্রতিনিধি জানান, নিহত আবদুস সালামের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছেন পাবনার আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক। সালামের বাড়ি আতাইকুলা থানায় হলেও তিনি এলাকায় থাকতেন না। তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র ও ডাকাতি মামলার দুটি পরোয়ানা ছিল। ওসি জানান, সালাম মূলত ডাকাতি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
এদিকে র্যাবের গুলিতে আহত দেলোয়ার হোসেনের স্ত্রী পারভীন ও অন্যরা জানান, দেলোয়ার বাসচালক হিসেবে কাজ করতেন। তিনি ঢাকা-কুয়াকাটাগামী নবীনবরণ পরিবহনের একটি বাস চালাতেন। দেলোয়ার দুদিন আগে বাড়ি যান। গতকাল কুষ্টিয়া থেকে এক ব্যক্তি মুঠোফোনে দেলোয়ারের গুলিবিদ্ধ হওয়ার খবর দেন। পরিবারের সদস্যরা আরও জানান, বছর সাতেক আগে দেলোয়ার যে বাসটি চালাচ্ছিলেন সেটি ডাকাতের কবলে পড়লে দেলোয়ারের নামে ডাকাতি মামলা হয়।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, ‘বেড়া থানায় দেলোয়ার বা আলমগীরের নামে কোনো মামলা নেই। তবে দেলোয়ারের নামে নাটোরের গুরুদাসপুর থানায় ডাকাতি মামলা থাকার খবর পেয়েছি। আর আলমগীর নামে বেড়ায় আমরা কাউকে পাইনি।’
কুষ্টিয়ার হানিফ পরিবহনের বাস কাউন্টারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার কথায়, ভেড়ামারা থেকে ঢাকাগামী এসি বাসটি প্রতিদিন রাত সাড়ে ১১টায় ছাড়ে। দুই মাস আগেও এই বাসে ডাকাতির ঘটনা ঘটে। দেলোয়ার ওই গাড়ির চালক ছিলেন।