কুষ্টিয়ায় বিএনপি নেতা নিখোঁজ, থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরাজুল হক
মিরাজুল হক

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল হক ওরফে মিরাজ (৪৬) নিখোঁজ হয়েছেন বলে তাঁর পরিবার থেকে দাবি করা হয়েছে। তিনি কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকার মৃত আবদুল গণির ছেলে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে একই উপজেলার জয়নাবাদ এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
এ ব্যাপারে মিরাজের স্ত্রী সখি খাতুন গতকাল শুক্রবার দুপুরে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও কুষ্টিয়া র‌্যাব-১২ ক্যাম্পে অভিযোগ করেছেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, মিরাজের কোনো শত্রু আছে কি না, তা তাঁদের জানা নেই।
জিডি সূত্রে জানা গেছে, মিরাজের জয়নাবাদ এলাকায় গড়াই নদের পাশে গড়াই নামে একটি ইটের ভাটা আছে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভাটায় যান তিনি। রাত সাড়ে আটটার দিকেও মুঠোফোনে তাঁদের কথা হয়। রাত ১০টার দিকে মিরাজের ব্যক্তিগত মুঠোফোন বন্ধ পান তাঁরা। পরে মিরাজ বাড়িতেও আসেননি। নিকটাত্মীয়সহ সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি শুক্রবার বিকেলে কুষ্টিয়া র‌্যাব-১২ ক্যাম্পেও লিখিতভাবে জানানো হয়।
রাতে সখি খাতুনের মুঠোফোনে যোগাযোগ করা হলে মিরাজের বড় ছেলে সাইদুর রহমান ইমন বলেন, ‘বাবা কেন, কী কারণে নিখোঁজ হয়েছে, তা ধারণা করা যাচ্ছে না।’
নাম প্রকাশে অনিচ্ছুক মিরাজের এক নিকটাত্মীয় জানান, ব্যবসায়িক ও রাজনৈতিক কোন্দলে মিরাজকে অপহরণ করা হতে পারে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম রাতে জানান, জিডি ও মুঠোফোন সূত্র ধরে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। রাত আটটা পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।
র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব বলেন, ‘মিসিংয়ের খবরটি পেয়েছি। র‌্যাব চেষ্টা করছে।’