কুষ্টিয়ায় ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের চর মিলপাড়া এলাকার একটি বাড়ি থেকে আজ বৃহস্পতিবার সকালে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 
নিহত ব্যক্তির নাম বাচ্চু ভূঁইয়া (৪৫)। তাঁর পৈতৃক বাড়ি নরসিংদী। তিনি দেড় দশক ধরে কুষ্টিয়া শহরে তৈজসপত্রের ব্যবসা করে আসছিলেন। শহরের চর মিলপাড়া এলাকায় থাকতেন তিনি।
গতকাল বুধবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাচ্চুকে হত্যা করেছে বলে ধারণা পুলিশের।
আজ সকাল নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বাচ্চুর পরিবারের অন্য সদস্যরা ঢাকায় থাকেন। প্রতিদিনের মতো তাঁর স্ত্রী আজ সকালে তাঁকে ফোন করেন। সাড়া না পেয়ে প্রতিবেশীদের ফোন করেন তিনি। প্রতিবেশীরা ডাকাডাকি করে বাচ্চুর সাড়াশব্দ না পেয়ে পুলিশকে জানান। পরে বাসার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে শৌচাগারের পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, বাচ্চুর বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাঁকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা ইতিমধ্যে রওনা দিয়েছেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।