কুষ্টিয়ায় মা ও মেয়েকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওরা মেয়েকে ধর্ষণ করেছে, হাসপাতালে তিন দফায় ভর্তি ছিলাম। থানায় মামলা দিয়েছি, আসামিরা অব্যাহতভাবে হুমকি দিয়েছিল। বাড়িতে ঢুকে চুল ধরে টেনেহিঁচড়ে মারধর করল। আবার হাসপাতালে এলাম। মেয়ে জন্ম দিয়ে ভুল করেছি, নাকি এ দেশে বেঁচে থাকতে পারব না।’
হাসপাতালের বিছানায় শরীরে যন্ত্রণা নিয়ে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলছিলেন কুষ্টিয়ার কুমারখালীর এক মা।
গত বৃহস্পতিবার সকালে ওই মা ও ধর্ষণের শিকার তাঁর মেয়েকে বেধড়ক মারধর করেছে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিপক্ষের লোকজন। আহত অবস্থায় মা ও মেয়েকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষণের শিকার ওই মেয়ের পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) গত ২৩ আগস্ট শহরের একটি বাসায় নিয়ে যাওয়া হয়।
সেখানে মেয়েটিকে নাজমুল ইসলাম নামের এক ব্যক্তির সহযোগিতায় আজম নামের এক ব্যক্তি ধর্ষণ করেন। এমনকি মেয়েটির চিকিৎসা করাতেও অভিযুক্ত ব্যক্তিদের আত্মীয়রা বাধা দেন। পুলিশ মামলা নিতেও গড়িমসি করে। অভিযুক্ত ব্যক্তিদের আত্মীয় সাইদুল ইসলাম বিষয়টি আপস-মীমাংসার প্রস্তাব দেন।
মেয়েটি অভিযোগ করে, প্রতিদিন মুঠোফোনে সাইদুল ও অজ্ঞাত এক ব্যক্তি মামলা তুলে নিতে বলতেন। তা না হলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দিত। এসব নিয়ে তারা আতঙ্কে ছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তিন দফায় সে দেড় মাস হাসপাতালের বিছানায় ছিল। তার রক্তক্ষরণ হয়েছে। তিনটি সেলাইও দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার তারা হাসপাতাল থেকে বাড়ি ফেরে। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আসামিপক্ষের সাইদুল, বাবু, নাজিমসহ ১০-১২ জন লোক তাদের বাড়িতে ঢোকেন। ঘরে থাকা মা ও তাকে চুল ধরে টেনেহিঁচড়ে তাঁরা বাইরে নিয়ে যান। মামলা তুলে নেওয়ার কথা বলে তাঁরা তাঁদের বেধড়ক মারধর করতে থাকেন। তার পেটে ও পিঠে আঘাত করা হয়েছে। সে দাঁড়াতে পারলেও হাঁটতে সমস্যা হচ্ছে।
গতকাল শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, এলোপাতাড়ি মারধরে মেয়েটির মায়ের ডান চোখের চারপাশে রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, এমন প্রতিবেদন পুলিশকে দেওয়া হয়েছে। তার যৌনাঙ্গে রক্তক্ষরণ হয়েছে; সেলাইও দেওয়া হয়েছে। মা ও মেয়ে মারধরের শিকার হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।
সাইদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। মেয়েটির পরিবারকে বাধা দেওয়া ও হুমকি দেওয়া হয়নি। বৃহস্পতিবারের ঘটনার ব্যাপারে তিনি কিছু জানেন না। আজমের বরাত দিয়ে তিনি আরও জানান, আজমকে ফাঁসানোর জন্য এমন অভিযোগ আনা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, ‘চিকিৎসকদের কাছ থেকে পাওয়া প্রতিবেদনে ধর্ষণের সত্যতা মিলেছে। আসামি আজম ও নাজমুল পলাতক। এটা নিয়ে আমরা খুব চাপে আছি। মারধরের অভিযোগেও মামলা হয়েছে। বাবু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’