কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার কুমারখালীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার বাটিকামারা রেলগেট এলাকায় গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রঞ্জু হোসেন (৩০)।
এ ঘটনায় রঞ্জুর স্বজনেরা সন্দেহভাজন রবিউল ইসলামের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে নয়টার দিকে রেলগেট এলাকায় নিজ বাড়ির কাছেই রঞ্জুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।
এদিকে বুধবার রাতেই রঞ্জুর স্বজনেরা ঘটনায় জড়িত সন্দেহে রবিউল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার জন্য রবিউল ইসলামের স্ত্রী ও মেয়েকে থানায় নেয় পুলিশ।
রবিউল ইসলাম বলেন, ‘রঞ্জু এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি অবৈধভাবে রেললাইনের জায়গা দখল করে বাড়ি করছিলেন। এ জন্য তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়েছে। খুন করার প্রশ্নই আসে না।’ রবিউল বলেন, সুযোগ পেয়ে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীরা এ ঘটনা ঘটিয়ে দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছে।
কুমারখালী থানার ওসি মহিবুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে বুধবার সকালে রবিউল ইসলামের সঙ্গে রঞ্জুর বাগ্বিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। আবার তৃতীয় কোনো পক্ষ এ ঘটনায় ফায়দা নিয়ে থাকতে পারে। দুটি বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে।