
ঊরু থেকে পুরো দুই পা এবং দুই হাতের কনুইয়ের ওপরে রক্ত জমাট বেঁধে আছে। হাত ও মাথায় খোঁচানোর চিহ্ন। এ রকম ক্ষত নিয়ে চার দিন ধরে কুষ্টিয়ার হাসপাতালে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন তাসনুবা রেজা (২০)। যৌতুক না পেয়ে ও মুঠোফোনে ফেসবুক ব্যবহার করায় তাঁর স্বামী দফায় দফায় তাঁকে নির্যাতন করেছেন বলে অভিযোগ করেন তিনি।
এদিকে নওগাঁর আত্রাই উপজেলায় সৎছেলের বিরুদ্ধে মাকে পিটিয়ে আহত ও দাহ্য পদার্থ ঢেলে শরীর ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার নির্যাতনের শিকার রেখা বেগমকে (৫২) রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কুষ্টিয়া শহরের আমলাপাড়ার বাসিন্দা তাসনুবা কুষ্টিয়া ইসলামীয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাসনুবার বাবা সোহেল রেজা বলেন, প্রায় দেড় বছর আগে নওগাঁর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপসহকারী প্রকৌশলী লাহরি খানের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের সময় তিনি জামাতাকে পাঁচ লাখ টাকা দেন। বিয়ের কয়েক মাস পরই লাহরি খান নওগাঁ শহরে জমি কেনার জন্য মেয়েকে দিয়ে আরও টাকা চান। টাকা দিতে রাজি না হলে জামাতা তাঁর মেয়েকে মারধর শুরু করেন।
তাসনুবা রেজা অভিযোগ করেন, লেখাপড়ার জন্য তিনি বেশির ভাগ সময় বাবার বাড়িতে থাকেন। মাঝেমধ্যে স্বামীর কাছে যেতেন। যখনই যেতেন, তখনই টাকার জন্য তাঁকে মারধর করা হতো। এ ছাড়া মুঠোফোনে ফেসবুক ব্যবহার করলেও চলত নির্যাতন। গত শুক্রবার সকাল ছয়টায় লাহরি খান তাঁকে ঘুম থেকে ডেকে তুলে হঠাৎ মারধর শুরু করেন। এ সময় তিনি বাসায় থাকা প্লায়ার্স, জানালার পর্দা লাগানোর পাইপ, মোটরসাইকেলে ব্যবহারের তালা ও টেস্টার দিয়ে তাঁর ওপর নির্যাতন চালান। একপর্যায়ে তাঁর দুই পায়ের পুরো অংশ ও দুই হাতে প্লায়ার্স দিয়ে টান দেন। এভাবে সারা দিনে দুই দফায় তাঁকে নির্যাতন করা হয়। সন্ধ্যার দিকে খবর পেয়ে থানার দুজন পুলিশ কর্মকর্তা তাঁকে উদ্ধার করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, তাসনুবাকে ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ ছাড়া কোনো ধরনের বস্তু দিয়ে শরীরে খোঁচানোও হয়েছে।
অভিযোগ সম্পর্কে জানতে লাহরি খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে বলা হয়, ‘লাহরি খান বাইরে গেছেন। আমি তাঁর কলিগ (সহকর্মী) বলছি। কখন আসবে জানি না। আপনি পরে যোগাযোগ করেন।’
এদিকে তাসনুবার বাবা সোহেল রেজার অভিযোগ, ২৩ অক্টোবর সন্ধ্যায় লাহরি ফোন করে জানান, তাঁর মেয়ে থানায় আছে। রাতেই স্বজনদের নিয়ে তিনি নওগাঁ যান। সে সময় লাহরি ও নওগাঁ থানার ওসি তাঁদের ভয় দেখিয়ে সাদা কাগজ ও তালাকনামায় সই নিয়ে থানা থেকে বের করে দেন। নওগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, ‘অভিযোগ সঠিক নয়। তাসনুবার সঙ্গে এক ছেলের পরকীয়া ছিল। ঘটনার দিন ওই ছেলেসহ তাঁকে থানায় নেওয়া হয়েছিল। পরে

থানা থেকে সমঝোতার মাধ্যমে তাসনুবার পরিবার ছাড়িয়ে নিয়ে যায়।’
এদিকে গতকাল মঙ্গলবার সকালে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বুজরুক পাহাড়পুর গ্রামের বাসিন্দা রেখা বেগম অভিযোগ করেন, তাঁর স্বামী মানিকুল্যাহ পক্ষাঘাতগ্রস্ত। স্বামীর চিকিৎসার জন্য সৎছেলে মহিউদ্দিনের কাছে গত শুক্রবার রাতে তিনি পাওনা দেড় হাজার টাকা চান। এ নিয়ে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মহিউদ্দিন ও তাঁর স্ত্রী জুলেখা বিবি ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁকে মাটিতে ফেলে ইট ও লাঠি দিয়ে আঘাত করেন। শেষে ঘর থেকে তরল দাহ্য পদার্থ এনে তাঁর শরীরে ছিটিয়ে দেন। আত্মীয়স্বজনেরা জানতে পেরে রোববার বিকেলে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফৌজিয়া ইয়াসমিন বলেন, গৃহবধূর শরীরে অ্যাসিড-জাতীয় কোনো তরল ঢেলে দেওয়া হয়েছে।
নির্যাতনের অভিযোগ অস্বীকার করে মহিউদ্দিন মুঠোফোনে বলেন, তাঁকে ফাঁসানোর জন্য রেখা বেগম নিজের মাথায় ইট দিয়ে আঘাত করেছেন। দাহ্য পদার্থ ছিটিয়েছেন।
আত্রাই থানার ওসি আবদুল্লাহ আল মাসুদ বলেন, তিনি ঘটনাটি জানেন না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানান।