কুষ্টিয়ায় রাতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ
কুষ্টিয়ায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে শহরের পেয়ারাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
হাবিবুরকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাত সোয়া ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর শরীরে অস্ত্রোপচার চলছিল।
রাতে কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম প্রথম আলোকে বলেন, হাবিবুর রহমানের ডান হাতে ও কোমরে গুলি লেগেছে। এ ঘটনায় তুহিন নামে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত পৌনে ১০টার দিকে হাবিবুর রহমান পেয়ারাতলা এলাকায় নিজ বাড়ির পাশেই শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে পেছন দিক থেকে তাঁর ওপর গুলি চালায়। এতে তিনি পড়ে যান। এ সময় স্থানীয় ব্যক্তিরা হামলাকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে তুহিন নামে একজনকে ধরে তাঁরা পুলিশে দেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সুরেশ তুলসান রাতে বলেন, হাবিবুর রহমানকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়েছে। তিনি আশঙ্কামুক্ত কি না, তা এখনই বলা যাচ্ছে না।