কুষ্টিয়ায় শিক্ষককে গুলি করে হত্যা

কুষ্টিয়ার কুমারখালীর দয়রামপুর গ্রামে মুন্সি রবিউল ইসলাম (৪৮) নামের এক স্কুলশিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে নিজ বাড়ির সামনে তাঁকে হত্যা করা হয়।
রবিউল ইসলাম স্থানীয় ১৭ নম্বর হোগলা মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ১০-১২ দিন আগে তাঁকে হত্যার জন্য তাঁর স্ত্রীর মুঠোফোনে হুমকি দিয়েছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি কুমারখালী থানায় একটি জিডি করেছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, ইটভাটা দিয়ে দ্বন্দ্বের জের ধরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত একটার দিকে রবিউল ইসলাম তাঁর এমএমআর ব্রিকস নামের ইটভাটা থেকে মোটরসাইকেলে করে দয়রামপুরের বাড়িতে ফেরেন তিনি। এরপর বাড়ির বারান্দার গ্রিলের তালা খুলছিলেন। এ সময় ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির শব্দ পেয়ে রবিউলের বাড়ির লোকজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
রবিউল ইসলামের স্ত্রী শামীমা আকতার প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে দুই দফায় সন্ত্রাসীরা তাঁর মুঠোফোনে বলে, ‘তোর স্বামী সরকারি চাকরি করে সেটাই করতে বল। ভাটা ছেড়ে দিতে বল। তা না হলে মুন্সী রশিদুল ইসলামের স্ত্রীর মতো তোকেও বিধবা হতে হবে।’
কুমারখালী থানার ওসি লুৎফর রহমান বলেন, যে মুঠোফোন থেকে হুমকি দেওয়া হয়েছিল, সেটি বন্ধ পাওয়া গেছে।