কুষ্টিয়ায় সংঘর্ষে গুলিবিদ্ধ ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে দুই পরিবারের লোকজনের কথা-কাটাকাটির জের ধরে শতাধিক ব্যক্তি সংঘর্ষে জড়িয়েছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়লে নয়জন গুলিবিদ্ধ হয়। সংঘর্ষে আহত হয় ১১ জন।

আজ শুক্রবার বিকেল চারটার দিকে কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রামে এ ঘটনা ঘটে।

চাঁদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম তোতা প্রথম আলোকে জানান, ওই গ্রামের রবিউল ইসলাম ও জামালউদ্দিন নামে দুই ব্যক্তির পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার বাঁশ কাটা নিয়ে দুই পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে আজ বিকেলে দুই পক্ষের শতাধিক লোক ফলা, সড়কি, লাঠি, টেঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছররা গুলি ছোড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়।

আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা ফেরদৌসি জানান, এখন পর্যন্ত ধলনগর গ্রাম থেকে আহত অবস্থায় এসে নয়জন ভর্তি হয়েছেন। তাঁদের হাতে, মুখে, পিঠে ছররা গুলির আঘাতের চিহ্ন রয়েছে।

কুমারখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, সংঘর্ষ থামাতে পুলিশ শটগানের কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।