কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত ১
কুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। উজানগ্রাম ইউনিয়নের বারুইপাড়া গ্রামে গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আমিরুল ইসলাম (৪৫)। এ সংঘর্ষে আরও পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়া নিয়ে সাবেক চেয়ারম্যান ময়নুদ্দিন বিশ্বাস ও বিগত নির্বাচনে পরাজিত প্রার্থী সুলতানের মধ্যে বিরোধ চলছে। তাঁরা বারুইপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী দুজন বলেন, গতকাল সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সুলতানের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে ময়নুদ্দিনের সমর্থক আমিরুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন। ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি বাড়িঘরে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহত আমিরুল ইসলামকে স্থানীয় লোকজন উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে আমিরুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য ময়নুদ্দিন বিশ্বাস ও সুলতানকে ফোন করা হলেও তাঁরা ধরেননি।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।