কুষ্টিয়ায় সওজের জায়গা দখল করে প্রাচীর নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে চৌড়হাস এলাকায় সওজের জমিতে প্রাচীর নির্মাণ করা হচ্ছে। গত বুধবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে চৌড়হাস এলাকায় সওজের জমিতে প্রাচীর নির্মাণ করা হচ্ছে। গত বুধবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো

কুষ্টিয়ার চৌড়হাস ফুলতলা বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে এক ব্যক্তি প্রাচীর নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এটি নির্মাণের ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে প্রাচীরের পেছনের একটি মার্কেট ও আবাসিক ভবনের বাসিন্দারা।
সওজ কার্যালয় সূত্রে জানা যায়, শহরের ফুলতলা বাজারে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে বেশ কিছু জমি সওজের অধিগ্রহণ করা ছিল। ওই অধিগ্রহণ বাতিলের দাবিতে স্থানীয় মমতাজ মোস্তফা নামের এক নারী মামলা করেন। মামলার রায় তাঁর পক্ষে গেলে সওজ আপিল করে। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে।
অভিযোগ রয়েছে, মামলা চলাকালেই মমতাজ মোস্তফা ২০০৭ ও ২০১১ সালে ওই জাগয়া দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের চেষ্টা করেন। সে সময় সওজ সেটা ভেঙে দেয়। এরপর মমতাজ মোস্তফা এটি নিয়ে হাইকোর্টে একটি রিট করেন। ১৩ জানুয়ারি আবারও একই জায়গায় প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন তিনি। এ ঘটনা জানতে পেরে সওজের নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেন এবং জায়গা ছেড়ে দেওয়ার জন্য মমতাজ মোস্তফার কাছে একটি নোটিশ পাঠান। এর পরও কাজ বন্ধ হয়নি।
সরেজমিনে দেখা যায়, সুপার মার্কেটের সামনে ১৫-২০ জন মিস্ত্রি প্রাচীর নির্মাণ করছেন। ইতিমধ্যে একতলা উচ্চতার (প্রায় ১২ ফুট) ও প্রায় ১০০ ফুট লম্বা প্রাচীর নির্মাণ হয়ে গেছে। মিস্ত্রিদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, এখানে দোকানঘর নির্মাণ করা হবে।
অভিযোগের ব্যাপারে মমতাজ মোস্তফার স্বামী মোস্তফা কামাল মুঠোফোনে দাবি করেন, মামলার রায় তাঁদের পক্ষে। তবে সওজ আপিল করায় সেটি এখনো চলছে। সিএস, এসএ ও আরএস রেকর্ডে জমিটি তাঁর স্ত্রীর নামে। সেখানে ২৪০ ফুট দীর্ঘ ও ১৬ ফুট চওড়া প্রায় ৮ শতাংশ জমি আছে। জমির খাজনাও তাঁর স্ত্রী পরিশোধ করে আসছেন।
এদিকে প্রাচীর নির্মাণের কারণে পেছনের জাহাঙ্গীর সুপার মার্কেট ও আবাসিক বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে। ওই সুপার মার্কেটে যাঁরা দোকান ভাড়া নিয়েছিলেন, তাঁদের অনেকে চলে যাচ্ছেন।
জাহাঙ্গীর সুপার মার্কেটের মালিক জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, ‘এক সপ্তাহ ধরে বিভিন্নভাবে মমতাজ মোস্তফাসহ তার লোকজন প্রাচীর নির্মাণ করার হুমকি দিয়ে আসছিল। আইন মোতাবেক সুপার মার্কেটের সামনের জমিটি সওজের। কিন্তু প্রভাবশালীরা আমাদের জিম্মি ও অবরুদ্ধ করে প্রাচীর করছে।’
পাশের জমির মালিক স্কুলশিক্ষক মুনমুন বলেন, দোকানের ভাড়াটেরা চলে যাচ্ছেন। তিনিও কোনোভাবে দোকান ভাড়া দিতে পারছেন না।
কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার বলেন, জমিটি সওজের নামে অধিগ্রহণ করা। অধিগ্রহণের বিরুদ্ধে করা মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। এ জন্য প্রাচীর নির্মাণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।