কুষ্টিয়ায় সন্দেহভাজন দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে গতকাল রোববার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে একটি পিস্তল ও কয়েকটি গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গোয়াল গ্রামের আকতারুজ্জামান (৪০) ওরফে টাইগার এবং তাঁর সহযোগী পার্শ্ববর্তী বিলবোয়ালিয়া গ্রামের রহুল আমীন (৩৫)।
র্যাব-১২-এর কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আলী হায়দার চৌধুরীর দাবি, আকতারুজ্জামান এবং রুহুল অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে দৌলতপুরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
র্যাব-১২ সূত্রের দেওয়া তথ্যমতে, দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকজন অস্ত্র ব্যবসায়ী অবৈধভাবে অস্ত্র বিক্রির ব্যবসা করছেন—এমন সংবাদের ভিত্তিতে গতকাল গোয়াল গ্রামে অভিযান চালিয়ে আক্তারুজ্জামান ও তাঁর সহযোগী রুহুলকে গ্রেপ্তার করা হয়। আকতারুজ্জামানের শোবার ঘরে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, পাঁচটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।