কুষ্টিয়ায় ২২টি বাড়িতে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গত শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার জেরে অন্তত ২২টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আবারও হামলার আশঙ্কায় অনেকে বাড়ির আসবাব নিয়ে অন্যত্র চলে গেছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পোড়াদহ গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নুরুল ইসলামসহ (৫০) চারজন গুরুতর আহত হন। রাত পৌনে আটটার দিকে নুরুল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান। এর জেরে নুরুলের সমর্থকেরা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
গতকাল শনিবার দুপুরে নতুন পোড়াদহ বাজারের প্রায় সব কটি দোকান বন্ধ ছিল। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর থেকে এলাকার দোকানপাট বন্ধ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি প্রথম আলোকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মী মোশাররফ হোসেন ও পারভেজ ইসলামের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। ৯ ডিসেম্বর মোশাররফের এক আত্মীয়ের বাড়ি থেকে মহিষ চুরি হয়। পরে সেই মহিষসহ রেজাউল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। রেজাউল পারভেজের চাচাতো ভাই। তাঁকে গ্রেপ্তারের খবরে মোশাররফ পক্ষের লোকজন ওই দিন বিকেলে মাইকে রেজাউলকে চোর বলে প্রচার চালান। এতে পারভেজের পক্ষের লোকজন ক্ষুব্ধ হন।
এর জেরে সন্ধ্যায় দুই পক্ষের ওই সংঘর্ষ হয়। পরে নুরুল মারা গেলে তাঁর সমর্থকেরা রাত ১০টার দিকে পারভেজের সর্মথকদের বাড়িতে হামলা ও অন্তত ১২টি বাড়িতে অগ্নিসংযোগ করেন। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে পোড়াদহ নতুন বাজার এলাকায় নুরুলের পক্ষের ৩০-৪০ জনের একটি দল পারভেজের বাড়িসহ আরও ১০টি বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় বাড়ির লোকজন প্রাণভয়ে পালিয়ে যান। এ ঘটনায় তাঁদের বক্তব্য জানার জন্য মোশাররফ ও পারভেজের বাড়ি গিয়ে তাঁদের পাওয়া যায়নি। পারভেজের মুঠোফোনে একাধিকবার রিং করেও তা বন্ধ পাওয়া যায়। মোশাররফের মুঠোফোন নম্বর জোগাড় করা সম্ভব হয়নি।
এদিকে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে নুরুলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান, বিকেল পাঁচটা পর্যন্ত কোনো ঘটনারই মামলা হয়নি। এলাকায় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।