কুষ্টিয়ায় 'বন্দুকযুদ্ধে' দুই 'চরমপন্থী' নিহত
কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর এলাকায় র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে স্বস্তিপুর গ্রামের একটি বাঁশঝাড়ে এ ঘটনা ঘটে।
র্যা বের দাবি, নিহত আকাউদ্দিন হিয়া (৪৫) ও লিয়াকত আলী শেখ (৪০) চরমপন্থী দলের সদস্য। তবে তাঁরা কোন চরমপন্থী সংগঠনের সদস্য, তা নিশ্চিত করতে পারেনি র্যা ব। উভয়ই সদর উপজেলার মৃত্তিকাপাড়া গ্রামের বাসিন্দা।
লিয়াকত আলী শেখের পরিবারের সদস্যরা বলেছেন, ১৭ দিন আগে তাঁকে কে বা কারা তুলে নিয়ে যায়। এরপর থেকে লিয়াকত নিখোঁজ ছিলেন।
গতকাল বৃহস্পতিবার র্যা ব-১২ কুষ্টিয়া ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যাম্পের অধিনায়ক মেজর মোসাদ্দেক ইবনে মুজিব এ বিষয়ে অবহিত করেন। তিনি এ সময় দাবি করেন, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সূত্রে র্যা ব জানতে পারে ৮ থেকে ১০ জন চরমপন্থী স্বস্তিপুর গ্রামে বসে সন্ত্রাসী কাজের পরিকল্পনা করছে। এ খবরের ভিত্তিতে র্যা ব সেখানে অভিযান চালাতে যায়। র্যা ব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। র্যা বও পাল্টা গুলি চালায়।
র্যা ব ক্যাম্পের অধিনায়ক বলেন, প্রায় আধা ঘণ্টা গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় র্যা ব বাগানের ভেতরে তল্লাশি চালিয়ে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে চারটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীব শাহরিয়ার আহত ব্যক্তিদের মৃত ঘোষণা করেন। মেজর মোসাদ্দেক বলেন, র্যা ব ওই বাঁশবাগান থেকে দুটি বিদেশি পিস্তলসহ বেশ কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করে।
লাশ দুটি যাঁর যাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মেজর মোসাদ্দেক বলেন, গত ২ জানুয়ারি কুষ্টিয়া সদরের বালিয়াপাড়া এলাকায় একটি বিদ্যালয়ের ফটকে ব্যাগের ভেতর রাখা একটি কাটা মাথা উদ্ধার করা হয়। শরীর পাওয়া যায় প্রায় চার কিলোমিটার দূরের একটি মাঠে। ওই ঘটনার সঙ্গে লিয়াকত ও আকাউদ্দিন জড়িত ছিলেন বলে তদন্তে প্রমাণ পেয়েছে র্যা ব। তিনি দাবি করেন, লিয়াকতসহ কয়েকজন মিলে এলাকায় একটি সংগঠন তৈরির চেষ্টা করছিলেন। লিয়াকত ও আকাউদ্দিনের বিরুদ্ধে ছয়টি করে হত্যা মামলা রয়েছে।
লিয়াকতের স্ত্রীর বক্তব্য: গতকাল সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গের সামনে লিয়াকত আলীর স্ত্রী সোহাগী খাতুন প্রথম আলোকে বলেন, তাঁর স্বামীকে প্রায় ১৭ দিন আগে সদর উপজেলার পান্টি গ্রামের বাজার থেকে চার ব্যক্তি মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। তিনি পুলিশ, র্যা বসহ বিভিন্ন জায়গায় খোঁজ করে স্বামীর সন্ধান পাননি।