কুষ্টিয়া অপহরণের ১৬ দিন পর শিশুর লাশ মিলল শৌচাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেব দত্ত।
দেব দত্ত।

হাত-পা বাঁধা। শরীর দেখে চেনার উপায় নেই। পোশাকই চেনার একমাত্র চিহ্ন। সেটা দেখেই শিশু দেবের লাশ শনাক্ত করেন বাবা পবিত্র দত্ত। ১৬ দিন ধরে দিনরাত খুঁজে ফিরেছেন প্রিয় সন্তানকে। পেলেন, তবে অর্ধগলিত লাশ।

আজ সোমবার বেলা দুইটায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের জহুরুল ইসলামের বাড়ির পরিত্যক্ত শৌচাগারে বস্তাবন্দী অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

লাশ উদ্ধারের স্থান থেকে দেব দত্তের বাড়ির দূরত্ব দুই শ গজের মতো। তার বাবা পবিত্র দত্ত স্থানীয় একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দেবের পরিবার সূত্রে জানা গেছে, ৯ জুন সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহৃত হয় সে। এ ব্যাপারে মিরপুর থানায় একটি অপহরণ মামলাও হয়।

ঘটনার পর থেকে দেবকে উদ্ধার করতে পুলিশের একটি দল তৎপর ছিল। যার নেতৃত্বে ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) নূর-ই-আলম সিদ্দিকী।

ছেলে দেবকে হারিয়ে মায়ের আহাজারি। চিথলিয়া গ্রাম, মিরপুর, কুষ্টিয়া, ২৫ জুন। ছবি: প্রথম আলো
ছেলে দেবকে হারিয়ে মায়ের আহাজারি। চিথলিয়া গ্রাম, মিরপুর, কুষ্টিয়া, ২৫ জুন। ছবি: প্রথম আলো

দেবের লাশ উদ্ধারের পর জানতে চাইলে নূর-ই-আলম সিদ্দিকী প্রথম আলোকে, অপহরণকারীরা খুবই চতুর। অপহরণের পর দুইবার ফোন করে চাঁদা চাওয়া হয়েছে। গোপন সোর্সের তথ্যের ভিত্তিতে সোমবার সকালে জানা যায়, চিথলিয়া গ্রামেই জহুরুল ইসলামের বাড়িতে দেবের লাশ থাকতে পারে। সেই খবর পাওয়া মাত্রই সেখানে অভিযান চালানো হয়। তবে এ সময় জহুরুল বা তাঁর পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের ধরা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন এই পুলিশ কর্মকর্তা।