কুষ্টিয়া ও কুমিল্লায় গৃহবধূসহ দুজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী ও কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একজন গৃহবধূসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন কৃষক খুন হয়েছেন এবং গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

আজ বুধবার সকাল ও গতকাল মঙ্গলবার রাতে পৃথকভাবে এ ঘটনা ঘটে।

আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:

কুষ্টিয়া: কুমারখালীতে আজ সকাল আটটার দিকে আন্টু মিয়া (২৬) নামের এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আন্টু নাতুরিয়া গ্রামের আরশেদ মিয়ার ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুত্ফর রহমান জানান, আজ সকালে নাতুরিয়া গ্রামের একটি মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশটি কৃষক আন্টুর বলে শনাক্ত করা হয়।

ওসি লুত্ফর জানান, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে আন্টুকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।

দাউদকান্দি: দাউদকান্দির পেন্নাই গ্রামে গতকাল রাতে তাসলিমা (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী জয়নাল আবেদীন তাঁকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

নিহত তাসলিমার বাবা মো. মাইনউদ্দিনের ভাষ্য, তাসলিমার সঙ্গে জয়নালের দুই মাস আগে বিয়ে হয়। বিয়ের পর জয়নালের আগের স্ত্রী ও সন্তানদের কথা জানতে পারেন তাসলিমা। এ নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। গতকাল রাত আটটার দিকে তাসলিমা মারা গেছেন বলে চিত্কার করেন জয়নাল। ওই সময় তাসলিমার মা ওই কক্ষে গিয়ে তাসলিমার লাশ পড়ে থাকতে দেখেন। তাঁর গলায় আঘাতের চিহ্ন ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ওসি আবু ছালাম মিয়া প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে জয়নাল পলাতক।