কুষ্টিয়া ও চট্টগ্রামে জামায়াতের চার নেতা-কর্মী গ্রেপ্তার
বিভিন্ন মামলার আসামি হওয়া, নাশকতার পরিকল্পনায় জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগে কয়েক দিন ধরে পুলিশের ধরপাকড় চলছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুই জেলা থেকে জামায়াতে ইসলামীর চার নেতা-কর্মীকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়।
কুষ্টিয়ায় নাশকতার অভিযোগে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে সদর উপজেলার হরিপুর ইউনিয়নের বোয়ালদহ গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মজমপুর ইউনিয়ন জামায়াতের আমির মোস্তফা আলম ওরফে আলো (৫০) ও হরিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম (৩২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাঁদের।
এদিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের দুটি গ্রামে বুধবার রাতে অভিযান চালিয়ে জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পশ্চিম দুরদুরি এলাকার নুরুল আমিন (৪০) ও তালগাঁও মাইজপাড়া এলাকার মোহাম্মদ মুজিব (২২।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।