কুষ্টিয়া ও মেহেরপুরের ইটভাটাগুলোতে গত রোববার থেকে সপ্তাহব্যাপী অভিযান শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত দুই জেলার সাতটি ইটভাটার মালিকের কাছ থেকে ৬ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানতে চাইলে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গত বুধবার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘দুই জেলায় ১৯০টি ইটভাটায় বছরে পুড়ছে কোটি মণ কাঠ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এরপর অভিযান জোরদার করেছে অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, রোববার মেহেরপুর সদর উপজেলার দুটি ইটভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটা দুটির মালিককে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চারটি ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর দায়ে মেসার্স একেবি ব্রিকসকে ১ লাখ টাকা, মেসার্স আক্কাস ব্রিকসকে ১ লাখ টাকা, মেসার্স পিপিআর ব্রিকসকে দেড় লাখ টাকা ও মেসার্স এমআরবি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
একই দিন বিকেলে কুমারখালী উপজেলা চাঁদপুর ইউনিয়নের এমএসবি ব্রিকসে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি এ ভাটা থেকে ২ হাজার ৯০০ মণ কাঠ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। ওই কাঠ স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।
কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুন্সী মো. মনিরুজ্জামান বলেন, সপ্তাহজুড়ে অভিযান চলবে। এরপর দুটি জেলার জেলা প্রশাসক ও অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হবে।