কুষ্টিয়া চিনিকলের জুনিয়র করণিক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সুগার মিলের শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত লোকজনের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার সকালে শ্রমিকেরা বিক্ষোভ করেন। ঘটনায় জড়িত সন্দেহে দুপুরে হিসাব বিভাগের জুনিয়র করণিক শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।
শ্রমিকদের অভিযোগ, গত সোমবার শ্রমিকদের অতিরিক্ত সময়ের (ওভার টাইম) কাজের বিল হিসাবে ১১ লাখ টাকা দেওয়ার কথা ছিল। এ কাজে দায়িত্বপ্রাপ্ত হিসাব বিভাগের কর্মকর্তারা সেখান থেকে ১ লাখ টাকা আত্মসাৎ করেন। গতকাল সকালে এ খবর জানার পর শ্রমিক-কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ঘটনার বিচারের দাবিতে তাঁরা ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ের সামনে দুপুর ১২ পর্যন্ত বিক্ষোভ করেন।
অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন শরিফুল।
চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম বলেন, শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।